টব ও পাথর দিয়ে খুদে ছাত্রীর মাথা থেঁতলে দিল তৃতীয় শ্রেণির পড়ুয়া!
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: ক্লাসরুমেই ছ’বছরের এক কিন্ডারগার্টেনের (কেজি) ছাত্রীকে বেধড়ক মারধর। পাথর ও টব মেরে থেঁতলে দেওয়া হল মাথা। রক্তাক্ত মেঝেতে যন্ত্রণায় ছটফট করতে থাকে ছোট্ট মেয়েটি। তার উপরই চলে লাগাতার আঘাত। এমনকী অজ্ঞান অবস্থায় চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত স্কুলেরই তৃতীয় শ্রেণির খুদে পড়ুয়া। সম্প্রতি এমনই হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল হরিয়ানার পাঁচকুলার সংস্কৃতি মডেল স্কুল। সূত্রে খবর, শিক্ষকদের কাছে ওই ছাত্রের বিরুদ্ধে নালিশ করেছিল কেজি-র ছাত্রী। তার জেরেই এই ঘটনা। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে হরিয়ানার শিশু অধিকার রক্ষা কমিশন। ৩০ অক্টোবর পিজিআইএমইআর-এ গিয়েছিলেন কমিশনের চেয়ারপার্সন তৃপ্তি হরিপাল শেওরান। শিশুর খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার বাবা-ময়ের সঙ্গেও কথা বলেছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত বিপদমুক্ত শিশুটি। তবে মুখে একাধিক গভীর ক্ষত রয়েছে। নাকেরও হাড় ভেঙেছে। ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে জেলা শিক্ষা আধিকারিককে নোটিস পাঠিয়েছে কমিশন। ইতিমধ্যে সামনে এসেছে সিসি ক্যামেরার ফুটেজ। মূল ঘটনাটি ২৮ অক্টোবরের। বাবা ডাকছে, এই বলে মেয়েটিকে ফাঁকা ক্লাসরুমে ডেকে নিয়ে যায় অভিযুক্ত পড়ুয়া। শুরু হয় নৃশংস অত্যাচার। মেয়েটির চুলের মুঠি ধরে বারবার ডেস্কে ঠুকতে থাকে সে। আঘাত লেগে মেয়েটি মেঝেতে পড়ে যায়। সেই অবস্থাতেই একের পর এক লাথি মারতে থাকে। এতেও রাগ কমেনি। পাথর ও ফুলের টব দিয়ে থেঁতলে দেয় মুখ। রক্তে ভেসে গিয়েছে মেঝে। অজ্ঞান অবস্থায় ছাত্রীটিকে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করে সে। কিছুক্ষণ পর ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। পরে অভিযুক্ত নিজেই জখম পড়ুয়ার বাবা-মাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায়। তড়িঘড়ি জখম খুদেকে সেক্টর ৬-এর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় তাকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এ স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, অতীতেও এমন হিংসাত্মক আচরণ করেছে ছেলেটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement