তৃতীয় ঘূর্ণিঝড় আকভান?  পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসার সম্ভাবনা খুবই কম
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে অল্প সময়ের মধ্যে ফের তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’ (ইরানের দেওয়া নাম) তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় হলে সেটির অভিমুখ কোনদিকে হবে? এই ব্যাপারে সংশ্লিষ্ট মডেলগুলির মধ্যে ভিন্নমত রয়েছে। প্রাথমিকভাবে কোনো কোনো মডেল মনে করছে, এটিরও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার প্রবণতা আছে। অন্য একাধিক মডেলের অনুমান, এটির মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কোনো মডেল ঘূর্ণিঝড় হলে  সেটির পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের দিকে আসার ইঙ্গিত দেয়নি।  আবহাওয়া দপ্তর এদিনও জানিয়েছে, আগামী সাতদিন রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস এদিন জানান, ঘূর্ণিঝড় হবে কি না এবং তা হলেও গতিপ্রকৃতি কী হবে, সেটা দিনদুয়েকের মধ্যে অনেকটা বোঝা যাবে। পূর্বাভাস দেওয়া হবে সেইমতোই। বঙ্গোপসাগরের পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। রবিবার নাগাদ এটি বঙ্গোপসাগরের ওই স্থানে আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটির গতিপ্রকৃতি কী হবে, সে-ব্যাপারে সাধারণ পূর্বাভাসে কিছু উল্লেখ করা হয়নি। তবে দীর্ঘকালীন পূর্বাভাসে বিভিন্ন মডেলের উদ্ধৃতি দিয়ে এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। একটি ছাড়া সব মডেলই নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা বলেছে। জিএসএফ মডেল জানিয়েছে, প্রথম ঘূর্ণিঝড়টির অভিমুখ উত্তর দিকে থাকবে। তারপর এটি অভিমুখ কিছুটা পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে যাবে। এটি ১৯ নভেম্বরের মধ্যে তীব্র থেকে খুব তীব্র মাত্রার ঘূর্ণিঝড় হবে। অন্যদিকে, ইসিএমডব্লুএফসহ আরও কয়েকটি মডেল মনে করছে, এটি উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে ১৯ নভেম্বর নাগাদ অন্ধ্র উপকূলের কাছাকাছি পৌঁছাবে। মিথুনাসহ কয়েকটি মডেল অবশ্য মনে করছে, এটি ঘূর্ণিঝড় হবে না। আবহাওয়া অধিকর্তা জানান, গভীর নিম্নচাপ তৈরি হলে পরবর্তী গতিপ্রকৃতি সম্পর্কে অনেকটা‌‌‌ই ঩নিশ্চিত হওয়া যাবে। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুর মধ্যে বঙ্গোপসাগরে পরপর দুটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাশু’ তৈরি হয়। চার-পাঁচদিনের মধ্যে দুটি শক্তিশালী ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছিল। দুটির মধ্যে অর্ণবের গতিপ্রকৃতি উপকূল অতিক্রম করার পর যা ছিল তাতে এরাজ্যে কিছুটা প্রভাব পড়ে ও বৃষ্টি হয়। মুরাশুর প্রভাব রাজ্যে বিশেষ পড়েনি। আবহাওয়া অধিকর্তা বলছেন, অক্টোবর-নভেম্বর মাসে কম সময়ের ব্যবধানে তিনটি ঘূর্ণিঝড় তৈরি হলেও তাতে কোনো অস্বাভাবিকতা নেই। অতীতে একাধিকবার এরকম হয়েছে। ২০১৩ সালে এই সময়ে তিনটি জোরালো ঘূর্ণিঝড়—ফাইলিন, হেলেন ও লেহার তৈরি হয়েছিল। প্রথমটি ওড়িশা উপকূলে এবং পরবর্তী দুটি অন্ধ্র উপকূলের দিকে গিয়েছিল। এই পরিস্থিতির নজির আরও আছে।

Advertisement