তেহট্টে উচ্চ বাতিস্তম্ভ বিকল, সন্ধ্যা নামতেই অন্ধকারে ঢাকছে এলাকা
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট: লক্ষ্য লক্ষ্য টাকা খরচ করে তৈরি হয়েছিল উচ্চ বাতিস্তম্ভ ও পথবাতি। উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনবসতিপূর্ণ এলাকা  অন্ধকার থেকে মুক্ত করা। কিন্তু অভিযোগ, বাতিস্তম্ভ রয়েছে, কিন্তু আলো জ্বলে না। ফলে সন্ধ্যা নামতেই তেহট্ট মহকুমায় একাধিক গুরুত্বপূর্ণ এলাকা অন্ধকারে ভরে যাচ্ছে। সরকারি অর্থে তৈরি পরিকাঠাম রক্ষণাবেক্ষণের অভাবে দিনের পর দিন অকেজো হয়ে পড়ে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।

Advertisement

কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের হাউলিয়া পার্ক মোড় অন্যতম উদাহরণ। স্থানীয়দের অভিযোগ, ওই মোড়ে থাকা উচ্চ বাতিস্তম্ভটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। দিনের ব্যস্ততা কাটিয়ে সন্ধ্যা নামতেই দোকানপাট বন্ধ হতে গোটা এলাকা কার্যত অন্ধকারে ভরে যায়। বিশেষ করে রাতে বাসের জন্য অপেক্ষা করা যাত্রীদের অন্ধকারে সমস্যায় পড়তে হয়। একই অবস্থা চকবিহারি ঘাট বাসস্ট্যান্ডের বাতিস্তম্ভেরও। দীর্ঘদিন ধরে আলো জ্বলছে না বলে অভিযোগ স্থানীয়দের।শুধু ওই দু’টি জায়গাই নয়, তেহট্ট মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনবহুল এলাকায় পথবাতি নিয়ে একই অভিযোগ উঠেছে। কোথাও বাতিস্তম্ভ বসানো হলেও দীর্ঘদিন ধরে আলো জ্বলে না, কোথাও আবার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকায় বন্ধ রয়েছে আলো। স্থানীয়দের কথায়, উচ্চবাতিস্তম্ভ তৈরি হলেও সেগুলি সচল রাখার ক্ষেত্রে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে। ফলে সরকারি অর্থে খরচ করে পরিকাঠামো তৈরি করা হলেও তার সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। পাশাপাশি বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।সামনেই জগদ্ধাত্রী পুজো। উৎসবের মরশুমে বাজার, গুরুত্বপূর্ণ মোড় গুলোতে রাত পর্যন্ত মানুষের যাতায়াত ও ভিড় বাড়ে। আলোর দ্রুত মেরামত করার দাবি উঠেছে। এই বিষয়ে প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।