এসআইআর নিয়ে বঙ্গবাসীর ‘মন বুঝতে’ বাংলা চষে বেড়াবে বিজেপির বিশেষ দল
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝে উৎসবের মরশুমের জন্য সাময়িক বিরতি এবার শেষ হতে চলেছে। দেশজুড়ে এবার ফের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে আন্দোলনে নামছে তামাম বিরোধীদল। ২৬ নভেম্বর সংবিধান দিবসে তার সূচনা হতে চলেছে। সেই ফাঁকে এসআইআর নিয়ে আমজনতার মনোভাব বুঝতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার সল্টলেক পার্টি অফিসে বঙ্গ বিজেপির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে এসআইআর ইস্যুতে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে পৌঁছাতে বিশেষ কর্মসূচি নিচ্ছে গেরুয়া পার্টি। প্রায় ২০০ জন নেতাদের নিয়ে এ সংক্রান্ত বিশেষ কমিটি তৈরি করা হচ্ছে। যাঁরা বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে প্রত্যন্ত এলাকায় ঘুরবে। সাধারণ মানুষে কাছে যাবে। এসআইআর নিয়ে তাঁদের বক্তব্য শুনবে। তারপর রিপোর্ট আকারে তা রাজ্য নেতৃত্ব দিল্লির পার্টি অফিসে পাঠাবে। মূলত বিজেপি বিরোধী ভোট পড়েছে, এমন এলাকায় নিবিড় ভাবে ঘোরার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির এক নেতার কথায়, পশ্চিমবঙ্গে ইতিহাসে পার্টির প্রথম বিধানসভা জয়ের প্রেক্ষিত এসআইআর বিতর্কে আরও উসকে দিয়েছে। তাই ভোটের ছয়মাস পর ভোটার তালিকা সংশোধন ঘিরে মতিগতি মাপতে এই পদক্ষেপ।

Advertisement

অন্যদিকে, রাজ্যের মহল্লায় মহল্লায় তোলাবাজি নিয়ে তিতিবিরক্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ৪ মে ফল প্রকাশের পর থেকে তৎকাল বিজেপি হওয়ার ‘ঢেউ’ ঠেকাতে হিমশিম খাচ্ছে বঙ্গ ইউনিটের মাতব্বররা। এই মুহূর্তে জোড়া এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সন্ধানে দিশেহারা পদ্ম পার্টি। শো-কজ কিংবা সাসপেন্ড করার হুমকি কাজে আসছে না। ফলে বিকল্প সাংগঠনিক দাওয়াই কী হবে, তা নিয়ে দিল্লির নেতাদের সঙ্গে আলোচনা চলছে। তার মাঝে এবার নতুন করে নিচুতলার কমিটি  ঢেলে সাজানোর চিন্তাভাবনা শুরু হয়েছে। কমপক্ষে ৫০০টি মণ্ডলে রদবদল আসন্ন বলে সূত্রের খবর। যেখানে আদি তথা পরীক্ষিত কর্মী-নেতাদের রাখা হবে। যার মাধ্যমে ঝাড়াই বাছাই প্রক্রিয়া স্বচ্ছভাবে হবে বলে মনে করছে দলের একাংশ।