Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চব্বিশ ঘণ্টার হেল্পলাইন চালু সহ পর্যটকদের সুবিধায় গুচ্ছ পদক্ষেপ

পর্যটকদের সুবিধায় এবার ২৪ ঘন্টার হেল্প লাইন সহ একগুচ্ছ পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ

চব্বিশ ঘণ্টার হেল্পলাইন চালু সহ পর্যটকদের সুবিধায় গুচ্ছ পদক্ষেপ
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা,পুরুলিয়া: পর্যটকদের সুবিধায় এবার ২৪ ঘন্টার হেল্প লাইন সহ একগুচ্ছ পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ। হেল্প লাইনের পাশাপাশি পর্যটকদের সহায়তা বুথও তৈরি করবে পুলিশ। সেই সঙ্গে নতুন ট্রাফিক মার্শাল ইউনিট তৈরি করেছে জেলা পুলিশ। বাইক নিয়ে অযোধ্যা পাহাড়ে যানজট মোকাবিলা সহ গোটা এলাকায় নজরদারি চালাবে জেলা পুলিশের ওই বিশেষ টিম। 

Advertisement

বুধবার পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানি রাজ সাংবাদিক বৈঠক করে বলেন, সম্প্রতি পুরুলিয়ার বলরামপুরে এসেছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। পর্যটন মন্ত্রী জেলাতে আসা পর্যটকদের সুবিধার জন্য বেশ কিছু নির্দেশ দেন। তারপরই জেলা পুলিশেব পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, অক্টোবর মাসে পুজোর সময় থেকেই পুরুলিয়াতে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে যাবে। চলবে প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তাই পর্যটন মরশুমের আগেই এবিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ সুপার এদিন বলেন, পর্যটকদের সুবিধার জন্য সর্বক্ষণের একটি হেল্পলাইন নম্বর চালু করা হল। ওই নম্বর হল ৮১৪৫৫০০৭৩৪। এছাড়াও পুরুলিয়া জেলা পুলিশ আগেই সহায় নামে একটি অ্যাপ চালু করেছিল। সেই অ্যাপকে আরও আধুনিক করা হয়েছে। পুলিশ সুপার কুমার সানি রাজ আরও বলেন, একটি ট্রাফিক মার্শাল ইউনিট চালু করা হয়েছে। রাজ্য থেকে বেশ কিছু আধুনিক বাইক এসেছে জেলা পুলিশের কাছে। ওই বাইকগুলিতে পুলিশ কর্মীরা অযোধ্যা পাহাড় জুড়ে কাজ করবে। বাইক নিয়ে পাহাড়ের বিভিন্ন রাস্তাতে খুব সহজেই মুভমেন্ট করতে পারবে পুলিশ। এছাড়াও পর্যটক সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। সেখানে পুলিশ কর্মীরা থাকবেন। যেকোনোরকম সমস্যার কথা পর্যটকেরা পুলিশকে জানাতে পারবেন। সেই সঙ্গে গেস্ট ট্রাকিং সিস্টেম চালু করা হচ্ছে। এবিষয়ে হোটেল অ্যাসোসিয়শনের সঙ্গেও কথা হয়েছে। কোন হোটেলে কে ঢুকছে,কে বেরোচ্ছেন সব তথ্য পুলিশের কাছে যাতে সঠিক ভাবে আসে সেবিষয়টি নিশ্চিত করা হবে। তাতে হোটেলগুলিতে পর্যটকদের বিষয়ে সমস্ত তথ্য পুলিশের কাছে থাকবে। হেল্প লাইন নম্বরটি সোশ্যাল মিডিয়াতে প্রচারের পাশাপাশি হোটেলগুলিতেও পোষ্টার লাগানো হবে। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলাতে ফি বছর কয়েকলক্ষ পর্যটক বেড়াতে আসেন। পর্যটকদের যাতে বেড়াতে এসে কোনওরকম সমস্যার সম্মুখীন হতে না হয় সেবিষয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে পুলিশ। সেই সঙ্গে অযোধ্যা পাহাড় সহ অনান্য পর্যটন কেন্দ্র গুলিতে কেউ অন্যায় ভাবে টাকা চাইলে বিষয়টি পুলিশকে জানানোর অনুরোধ করেন পুলিশ সুপার। অভিযোগ পেলে এবিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

Advertisement
সম্পর্কিত সংবাদ