আমেদাবাদ: খাতায়-কলমে তৃণমূল সাংসদ হলেও বর্তমানে তিনি এনসিপিআই শিবিরের সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। এনডিএ সমর্থক। অবশেষে ১৪ বছর পর শিকে ছিঁড়ল প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের। কারণ বহু বছর ধরে দাবি জানিয়েও সরকারি যে জমির নাগাল পাননি তিনি, এবার সেই জমির মালিক হলেন ইউসুফ। ভদোদরায় ২০ কোটি ৫৩ লক্ষ টাকার সরকারি জমি তাঁকে ‘পুরস্কার’ হিসাবে দিয়েছে স্থানীয় পুরনিগম। একইসঙ্গে বিজেপি নেতৃত্বাধীন ভদোদরা নগরোন্নয়ন পর্ষদ ৪৭৮ বর্গমিটার জমি সরকারি বাজারমূল্যের থেকে ৫৫ শতাংশ কম দামে পাঠানকে দিয়ে দিয়েছে। এর পরেই গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস।
জানা গিয়েছে, তান্দালজা এলাকায় বাড়ি লাগোয়া জমিতে ক্রিকেট অ্যাকাডেমি তৈরির জন্য ২০১২ সালে ভদোদরা পুরনিগমের কাছে আরজি জানিয়েছিলেন তিনি। পুরনিগমের তরফে জমি বরাদ্দ করা হলেও তা নিয়ে লাগাতার টালবাহানা চলতেই থাকে। ২০১৪ সালে সেই আরজি খারিজ করে দেয় রাজ্য সরকার। তার পরেও তান্দালজার সেই জমি ও পাঠানকে ঘিরে বিতর্ক পিছু ছাড়েনি। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর রাজনৈতিক প্রেক্ষাপটই বদলে যায়। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘একনিষ্ঠ সৈনিক’ থেকে বর্তমানে তিনি এনডিএ শিবিরের শরিক। সেই জন্যই তাঁকে ওই বিতর্কিত জমি ‘পুরস্কার’ হিসাবে দেওয়া হয়েছে বলে অভিযোগ হাত শিবিরের। গুজরাত কংগ্রেসের সভাপতি অমিত চাভদার দাবি, ‘এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধারাবাহিকভাবে দ্বিচারিতা করে চলেছে। যেখানে সাধারণ এক পরিবার ১০০ বর্গফুট জমি পেতে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, সেখানে সরকারি জমি রাজনৈতিক ব্যক্তিত্বকে হেলায় দান করা হচ্ছে।’



