সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট শহরের মূল রাস্তা সহ অলি গলির রাস্তাগুলি একেবারেই বেহাল হয়ে পড়েছে। কোথাও রাস্তা থেকে পিচ উঠে গিয়েছে, আবার কোথাও গর্ত সৃষ্টি হয়েছে। যা নিয়ে ভোগান্তির শেষ নেই শহরের বাসিন্দাদের। এনিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছড়িয়েছে শহরের মানুষের মধ্যে। এবার বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে উদ্যোগী হল বালুরঘাট পুরসভা। রাস্তা সংস্কারের জন্য পুরসভার তরফে রাজ্য সরকারের কাছে নয় কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। রাজ্যের অনুমোদন পেলে পুজোর আগেই বেহাল রাস্তাগুলি সংস্কার করবে পুরসভা।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, বেহাল রাস্তার পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই প্রয়োজনীয় এস্টিমেট ও ভেটিং সম্পন্ন করে রাজ্যের পোর্টালে প্রস্তাব পাঠানো হয়েছে। গোটা পুরসভার জন্য নয় কোটি টাকার প্রকল্পের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। সরকার কোন কোন রাস্তার কাজ জরুরি ভিত্তিতে অনুমোদন ও অর্থ বরাদ্দ করবে, সেই নির্দেশ পাওয়ার পরই আমরা কাজ শুরু করতে পারব। আশা করছি পুজোর আগেই রাস্তাগুলি সংস্কার করা সম্ভব হবে।
পুরসভা সূত্রে খবর, ২৫টি ওয়ার্ডে অধিকাংশ ছোট রাস্তা বেহাল হয়ে পড়েছে। রাস্তার মধ্যে ছোটো বড়ো গর্ত তৈরি হয়েছে। আবার কোথাও পাথর বেরিয়ে আসছে। বিগত রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্পে বহু রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু বেশিরভাগ রাস্তা মাস তিনেক না যেতেই ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, অনেক জায়গায় রাস্তা খুঁড়ে পাইপ লাইনের কাজ করা হয়েছে। সেই রাস্তা এখনও বেহাল অবস্থায় রয়েছে। শহরের সত্যজিৎ মঞ্চের কাছে, নাবাবঙ্গী, সাহেব কাছারি, খাদিমপুর, মিলন সংঘ, খিদিরপুর, চকভৃগু সহ প্রতিটি ওয়ার্ডের রাস্তা বেহাল। রাতে ওই বেহাল রাস্তা দিয়ে হাঁটাচলা করতে অনেকেই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। এদিকে সামনেই দুর্গাপুজো আসছে। তার আগে রাস্তাগুলি সংস্কারের দাবি ওঠেছে।
বালুরঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সত্যজিৎ মঞ্চের বাসিন্দা নেপাল প্রামাণিক বলেন, মাস ছয়েক আগেই সত্যজিৎ মঞ্চ থেকে হাসপাতাল মোড়ে যাওয়ার রাস্তা সংস্কার করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই ওই রাস্তা বেহাল হয়ে পড়েছে। বৃষ্টি হলে জল জমে থাকছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।