পুলিশের ভাইফোঁটায় হেলমেটের শপথ, সম্প্রীতির উৎসবে মাতোয়ারা বীরভূম
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি, সংবাদদাতা, বোলপুর ও রামপুরহাট: বুধবার ভাইফোঁটায় সম্প্রীতি, সচেতনতা ও মানবিকতার এক অনন্য মেলবন্ধন দেখল বীরভূম জেলা। দুবরাজপুরে ট্রাফিক পুলিশ হেলমেটহীন আরোহীদের ভাইফোঁটা দিয়ে অভিনবভাবে পথনিরাপত্তার বার্তা দেয়। রামপুরহাটের আশ্রমে অনাথ শিশুদের মুখে হাসি ফোটালেন সন্ন্যাসীরা। পাশাপাশি বোলপুর গড়ল সম্প্রীতির নজির। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলির গণ-ভাইফোঁটার মাধ্যমে জনসংযোগ এদিন এক অন্য মাত্রা পেল।

Advertisement

দুবরাজপুরের পাহাড়েশ্বরের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে এদিন হেলমেটহীন বাইক আরোহীদের জরিমানা করার বদলে দুবরাজপুর ট্রাফিক পুলিশ তাঁদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করায়। আগামী দিনে হেলমেট পরে বাইক চালানোর শপথও গ্রহণ করানো হয়। পুলিশের এই মানবিক উদ্যোগে আপ্লুত বাইক আরোহী শুভতীর্থ দেব, নীলকণ্ঠ ভাণ্ডারী বলেন, ‘পুলিশের এই বার্তা সত্যিই প্রশংসনীয়। ভাইফোঁটার এই শুভ দিনে আমরাও কথা দিয়েছি, এরপর থেকে সব সময় হেলমেট পরব।’  দুবরাজপুর পুরসভার সাফাই ও অন্যান্য চতুর্থ শ্রেণির কর্মীদের নিয়ে পাহাড়েশ্বর শিব মন্দির চত্বরে গণ-ভাইফোঁটার আয়োজন করে বিজেপি। সেখানে ফোঁটা নেন দুবরাজপুরের বিধায়ক অনুপকুমার সাহা। তিনি বলেন, ‘ভাই-বোনের এই মেলবন্ধন এবং সমাজকে এক সুতোয় বেঁধে রাখার লক্ষ্যেই আমাদের এই গণ-ভাইফোঁটা।’
রামপুরহাটের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমও এদিন এক হৃদয়স্পর্শী ভাইফোঁটার সাক্ষী থাকল। যে অনাথ শিশুদের কেউ খোঁজ নেয় না, তাদের আপন করে নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হল। পুলিশ কর্তা, জনপ্রতিনিধি ও আশ্রমের মহারাজরা এদিন আবাসিকদের হাতে ফোঁটা নেন। তাদের তুলে দেওয়া হয় নতুন পোশাক। ফ্রায়েড রাইস, চানা মশলা থেকে শুরু করে মিষ্টি ও পায়েস, এলাহি আয়োজনে মেতে ওঠে আশ্রমের শিশু ও আবাসিকরা। আবাসিকরা জানায়, প্রতি বছর এই দিনটির জন্য তারা অপেক্ষা করে থাকে। আশ্রমের সম্পাদক সুকান্ত মণ্ডল বলেন, ‘অনাথ শিশুদের সুখে-দুঃখে পাশে দাঁড়াতেই আমাদের এই আয়োজন।’
উৎসবের এই আবহে বোলপুরে ধরা পড়ল সম্প্রীতির এক অনন্য ছবি। ভুবনডাঙার ‘আমরা ও অনেকে’ বাড়িতে অংশুমালা দাশগুপ্ত ওরফে তুলি দি দীর্ঘ ৩৫ বছর ধরে সম্প্রীতির ভাইফোঁটা উদ্‌যাপন করে আসছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মুজিবর রহমান, বজলু, মুমতাজ, সুনীল মুর্মুদের তিনি ফোঁটা দেন। কর্মসূত্রে কলকাতায় থাকলেও প্রতি বছর এই দিনে তিনি বোলপুরে এসে রীতি বজায় রাখেন। 
বোলপুরে বিজেপির দলীয় কার্যালয়ে মহিলা মোর্চার উদ্যোগে প্রায় ৫০ জনকে ভাইফোঁটা দেওয়া হয়। টোটোচালক ও পথচলতি মানুষও ফোঁটা নেন। উপস্থিত ছিলেন রাজ্য নেত্রী ইন্দ্রাণী বিশ্বাস, সোনা বিশ্বাস প্রমুখ। এছাড়া, কীর্ণাহার থানায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুলিশকর্মী ও সাংবাদিকদের ভাইফোঁটা দেওয়া হয়। ভাইফোঁটাকে জনসংযোগের হাতিয়ার করেছে রাজনৈতিক দলগুলিও। বীরভূম বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে জেলার ৩৯টি মণ্ডলেই এই উৎসব পালিত হয়। সিউড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতিতে চন্দনের ফোঁটা দিয়ে উৎসবের সূচনা করেন মহিলা মোর্চার সদস্যরা। দলের জেলা সভাপতি উদয় শংকর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি একটি পারিবারিক দল। আমরা সব কার্যকর্তাই একে অপরকে পরিবারের সদস্য মনে করি। সেই ভাবনা থেকেই এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। মো঩দিজিকে এই শুভলগ্নে পাওয়া সম্ভব নয় বলে প্রতিকৃতির মাধ্যমেই ফোঁটা দেওয়া হল।’ রামপুরহাট ও তারাপীঠেও বিজেপির উদ্যোগে এদিন উৎসব পালিত হয়।