Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কয়েক হাজার সংবাদপত্র দিয়ে মণ্ডপসজ্জা পুরাণ-ইতিহাস-সময় বদলের গল্পের ‘কোলাজ’

দুর্গাপুজো মানেই কিছু অভিনব থিম। প্রতিবছর শহরের একাধিক পুজো থিমের মাধ্যমে নতুন ভাবনা ও সামাজিক বার্তা তুলে ধরে। এ বছর বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাবের পুজোয় অভিনব প্রকাশ, ‘কোলাজ’।

কয়েক হাজার সংবাদপত্র দিয়ে মণ্ডপসজ্জা পুরাণ-ইতিহাস-সময় বদলের গল্পের ‘কোলাজ’
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো মানেই কিছু অভিনব থিম। প্রতিবছর শহরের একাধিক পুজো থিমের মাধ্যমে নতুন ভাবনা ও সামাজিক বার্তা তুলে ধরে। এ বছর বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাবের পুজোয় অভিনব প্রকাশ, ‘কোলাজ’। পরিবেশরক্ষার বার্তা দিয়ে মণ্ডপে ব্যবহার হচ্ছে হাজার হাজার সংবাদপত্র। শিল্পী সোমনাথ তামলির ভাবনায় কয়েক হাজার কিলো সংবাদপত্র দিয়ে হচ্ছে মণ্ডপসজ্জা। কাগজের পাতায় লেখা শব্দ, ছবি এবং টেক্সচার মিলেমিশে তৈরি করছে এক-একটি স্কাল্পচার।

Advertisement

দুর্গার পৌরাণিক কাহিনিকেও জুড়ে দেওয়া হয়েছে ‘কোলাজ’য়ের ভাবনায়। পুরাণের আখ্যান অনুযায়ী অসুর বিনাশের জন্য দেবতাদের সম্মিলিত শক্তি থেকেই সৃষ্টি দেবী দুর্গার। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বায়ু, অগ্নি, যম, ইন্দ্র, বরুণ, সূর্য-সহ একাধিক দেবতার শক্তি ও অস্ত্রে সজ্জিত দেবীর পূর্ণাঙ্গ রূপ। পৃথক পৃথক শক্তির এই সম্মেলনই রূপ পেয়েছে ‘কোলাজ’ ভাবনায়।
এই মণ্ডপে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সাইকেলে করে কাগজ বিলি, খবরের কাগজ পরিবহণের মতো দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরনো সময়ের ছবি। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে খবর পড়া ও শেয়ার করার যে ধরন এসেছে সেই পরিবর্তনের ছবিও উঠে এসেছে মণ্ডপ ভাবনায়।
মণ্ডপের শিল্পকলায় উঠে এসেছে বাংলার এবং ভারতের ইতিহাসও। সংবাদপত্র দিয়ে তৈরি হয়েছে মনীষীদের অবয়ব। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়, সত্যেন্দ্রনাথ বসু, মাতঙ্গিনী হাজরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্বের অবদান একত্র করে তৈরি হয়েছে আরও এক ‘কোলাজ’। তাঁদের অবদান তুলে ধরা হয়েছে বাংলার সাংস্কৃতিক, বৌদ্ধিক ও সামাজিক ঐতিহ্যের বিভিন্ন খণ্ড হিসেবে। পুজোর ৭৩তম বর্ষে এমন ভাবনার নেপথ্যের কারণ জানালেন ক্লাবের সম্পাদক স্নেহাশিস দেবনাথ। তিনি বলেন, এবার ‘কোলাজ’য়ের মাধ্যমে সমাজ, সংস্কৃতি, ইতিহাস এবং আমাদের সম্মিলিত স্মৃতির বিভিন্ন খণ্ডকে একত্র করতে চেয়েছি। যেমন আলাদা আলাদা অংশ একত্রিত হয়ে একটি অর্থপূর্ণ কোলাজ তৈরি করে তেমনই দুর্গার পৌরাণিক কাহিনিতেও বিভিন্ন দেবতার শক্তি ও অবদান একত্রিত হয়ে দেবীর পূর্ণাঙ্গ রূপ তৈরি করে। সেই ভাবনার সঙ্গে মিশেছে সংবাদপত্র, বিশিষ্ট ব্যক্তি এবং বাংলার ও ভারতের ইতিহাসের নানা পট। হাজার হাজার কেজি পুরনো সংবাদপত্রের ব্যবহার আসলে হারিয়ে যেতে বসা খবরের কাগজ পড়ার প্রচলিত সংস্কৃতির প্রতিও শ্রদ্ধা। একসময় সংবাদপত্র ছিল মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক মানুষের ছোটো ছোটো অবদান একত্র হলে তা আরও বড়ো এবং দীর্ঘস্থায়ী কিছু তৈরি করতে পারে।
শিল্প, পুরাণ, ইতিহাস, ঐতিহ্য এবং বদলে যাওয়া সময়, সবকিছু এক সুতোয় বেঁধে বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাবের এবারের ‘কোলাজ’ যেন নানা বিচ্ছিন্ন উপাদানের সম্মিলিত এক শিল্প-আখ্যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ