নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রাজ্যে পালা বদলের পর নতুন সরকারের আমলের প্রথম রাসমেলা হচ্ছে। তাই এই রাসমেলাকে ঘিরে রাজনগর সেজে উঠেছে। মহারাজাদের শহরে একটা রাজকীয় ভাব আনার সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে নতুন সরকার। এবারের রাসমেলার উদ্বোধনে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আজ, বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহরে আসবেন। তাঁর হাত দিয়েই সূচনা হবে কোচবিহার রাসমেলার। রাসমেলা উদ্বোধনের আগে তিনি এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবেন। সেই শোভাযাত্রা থাকবে হাতি। সুদূর জয়পুর থেকে সেই হাতি দু’টি আনা হয়েছে। এই জোড়া হাতির নাম ময়না ও যমুতি।
রাসমেলার শোভাযাত্রায় হাতির আনার কথা আগেই উল্লেখ করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। সোমবার গভীর রাতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী জানান, কোচবিহারের রাজকন্যা গায়ত্রীদেবীর বিয়ে হয়েছিল জয়পুর রাজ পরিবারে। সেই সময় কোচবিহার থেকে প্রচুর উপঢৌকন পাঠানো হয়েছিল। জয়পুরের রাজমাতার সঙ্গে পাঠানো হয়েছিল চিলাপাতার জঙ্গল থেকে ধরা বেশকিছু হাতি। এই হাতি দু’টি তাদেরই বংশধর। নিশীথের যুক্তি, তা না হলে মরু অঞ্চলে হাতি কোথা থেকে আসল! এখান থেকেই রাজমাতার সঙ্গে হাতি পাঠানো হয়েছিল।
কোচবিহার রাজবাড়ির দক্ষিণ দিকে লিচুতলার মাঠে হাতি দু’টিকে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে লরিতে চেপে হাতি দু’টি কোচবিহারে এসে পৌঁছয়। এদিকে, হাতি দেখতে সকাল থেকে লিচুতলার মাঠে ভিড় জমায় কচিকাঁচারা। অনেকে কাছাকাছি পৌঁছে মোবাইলে ছবি তোলেন।
আজ দুপুর পৌনে ২টো নাগাদ কোচবিহার রাজবাড়ি গেটের সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে। জোড়া হাতির পাশাপাশি থাকবে পালকি ও ঘোড়া। শোভাযাত্রার শুরুতে থাকবেন মুখ্যমন্ত্রী। এরপর একে একে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, ওড়িশা সহ দক্ষিণী নাচের দল। মুখ্যমন্ত্রীর দু’পাশে থাকবে বড়ো বড়ো হাতপাখা সহ দু’জন পাঙ্খাদার। প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
ওই শোভাযাত্রা মদনমোহন মন্দিরে এসে পৌঁছবে। মদনমোহনের পুজো দিয়ে মুখ্যমন্ত্রী এমজেএন স্টেডিয়ামে যাবেন। বিকেলে সেখানেই তিনি দু’শো বছরের পুরনো ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলার সূচনা করবেন। একই সঙ্গে বেশ কিছু উপভোক্তার হাতে তুলে দেবেন সরকারি প্রকল্পের সুবিধা।



