মা হওয়ার পর প্রথমবার পর্দায় ফিরেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। নেটফ্লিক্সের ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে দেখা যাচ্ছে তাঁকে।
মা হওয়ার পর প্রথমবার পর্দায় ফিরেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। নেটফ্লিক্সের ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে দেখা যাচ্ছে তাঁকে।
করতেই হবে
‘শক’ সিরিজটি করার কারণ কী? জবাবে পরিণীতি বলেন, ‘সিদ্ধার্থ (পি মালহোত্রা, ক্রিয়েটার) ও রেনজিল স্যার যখন আমাকে চিত্রনাট্যটি পাঠালেন, তখন আমি শহরের বাইরে। ভেবেছিলাম, শেষ করতে দু-তিন দিন লাগবে। অথচ আড়াই ঘণ্টায় বসে পুরো চিত্রনাট্য পড়ে ফেলি। শেষ পাতা পড়ার পরই মনে হয়েছিল, আমাকে এই শো-টা করতেই হবে।’
গর্ভাবস্থা
‘শক’-এর মাধ্যমে ওটিটি সিরিজে ডেবিউ করছেন পরিণীতি। এই শ্যুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এপ্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘শ্যুটিংয়ে সকলে আমাকে খুব যত্ন করেছে।’ সুখবর শুনে স্বামী রাঘব চাড্ডার প্রতিক্রিয়ার কথাও জানান পরিণীতি। হেসে বলেন, ‘খবরটা শোনামাত্র ও শিমলায় আমার কাছে চলে এসেছিল।’
প্রতিদিনই নতুন অভিজ্ঞতা
মা হওয়ার পর পরিণীতির জীবন কতটা বদলেছে? নায়িকা বলেন, ‘প্রতিদিনই আমার কাছে নতুন অভিজ্ঞতা। মা হওয়ার পর জীবন সত্যিই অনেকখানি বদলে গিয়েছে। তবে এখনও আমার কাছে জীবনের প্রতিটি দিক সমান গুরুত্ব পায়।’
মাতৃত্ব বাধা নয়
মাতৃত্ব তাঁর অভিনয়ের দুনিয়ায় কোনো পরিবর্তন আনেনি বলে জানিয়েছেন পরিণীতি। অভিনেত্রীর কথায়, ‘আমি কাজের সময় মন দিয়ে কাজ করি। বাকি সময় আমার সন্তানের জন্য।’
দু’জনের সমান দায়িত্ব
সন্তানকে বড়ো করার দায়িত্বও রাঘবের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিণীতি। ‘বাবা হিসেবে রাঘব সত্যিই খুব ভালো। আমরা দু’জনেই সন্তানের দেখাশোনার দায়িত্ব সমানভাবে পালন করি। ওকে বড়ো করে তোলা আমাদের দু’জনেরই দায়িত্ব’, বলেন অভিনেত্রী।
গর্বিত অভিনেত্রী
ইদানীং মা হওয়ার পরও বলিউডের অভিনেত্রীরা সমানতালে কাজ করে চলেছেন। সেসব মায়েদের প্রশংসা করে পরিণীতি বলেন, ‘আমি খুব খুশি যে, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, আমার দিদি প্রিয়াঙ্কা চোপড়া— আমাদের প্রজন্মের সকলেই মা হওয়ার পরও কাজ করতে পারছে। প্রিয়াঙ্কা হলিউডের ছবিতে কাজ করছে। আমরা বলিউডে। সকলে একই মানের কাজ করছি। বরং আমার মনে হয়, এখন বলিউডে আমরা আরও ভালো কাজ করছি।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই