Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মিষ্টির দোকানে নাবালিকাকে প্রকাশ্যে ‘ব্যাড টাচ’, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়

মিষ্টির দোকানে এক নাবালিকা ছাত্রীর শরীরে ক্রমাগত ‘ব্যাড টাচ’ করছে এক মাঝবয়সি ব্যক্তি।

মিষ্টির দোকানে নাবালিকাকে প্রকাশ্যে ‘ব্যাড টাচ’, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মিষ্টির দোকানে এক নাবালিকা ছাত্রীর শরীরে ক্রমাগত ‘ব্যাড টাচ’ করছে এক মাঝবয়সি ব্যক্তি। সেই স্পর্শ এড়াতে শিশুটি একবার এদিকে, একবার ওদিকে সরে যাচ্ছে। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে হুগলি থেকে। সেই ভিডিওকে ঘিরে নেট-নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রকাশ্যে মেয়েটির সঙ্গে এমন আচরণের সমালোচনায় সরব হয়েছেন তাঁরা। তবে ‘বর্তমান’ ভাইরাল হওয়া ওই ভিডিও’র সত্যতা যাচাই করেনি। জানা গিয়েছে, হুগলির উত্তরপাড়ায় একটি স্কুল সংলগ্ন মিষ্টির দোকানে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় শিশুকন্যার এক প্রবীণ আত্মীয়া সেখানে ছিলেন। তিনি বিষয়টি টের পাননি বলেই অনেকের ধারণা। প্রায় ১০ মিনিটের বেশি সময় ধরে মেয়েটিকে নানাভাবে স্পর্শ করে ওই মাঝবয়সি ব্যক্তি। এনিয়ে দোকান কর্তৃপক্ষের প্রতিক্রিয়াও স্পষ্ট বোঝা যায়নি। নেট নাগরিক মহলে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকের ভূমিকা নিয়েই সেখানে চর্চা শুরু হয়েছে। উত্তরপাড়া থানা সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার পরিবার এ নিয়ে কোনও অভিযোগ দায়ের করেনি। তবে পরিস্থিতি বিচার করে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিস। ওই নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কদর্য ওই ভিডিও’তে দেখা গিয়েছে, ওই নাবালিকা তার আত্মীয়ার সঙ্গে মিষ্টির দোকানে ঢুকছে। তার পরনে স্কুলের পোশাক। সেই সময় মিষ্টির দোকান পেরিয়ে গেলেও ফের ঘুরে এসে সেখানে ঢোকে মাঝবয়সি ওই ব্যক্তি। তারপর ওই নাবালিকার সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করে। পরবর্তীতে সে নানাভাবে শিশুটিকে ‘অশ্লীল স্পর্শ’ করতে শুরু করে। শিশুটির মাথা থেকে কোমর পর্যন্ত নানা জায়গায় স্পর্শ করতে দেখা যায় তাকে। শেষপর্যন্ত ওই নাবালিকা ও আত্মীয়ার সঙ্গেই দোকান ছেড়ে বেরিয়ে যায় সে। এক পর্যবেক্ষকের দাবি, ওই ব্যক্তিকে দেখে কোনওভাবেই শিশু বা তার আত্মীয়ার পরিচিত বলে মনে হয়নি। গোটা ভিডিও দেখে নাগরিক মহলে ‘ব্যাড টাচ’ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ