Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাগজ কেনার অছিলায় বাড়িতে ঢুকে একাকী বৃদ্ধার চেন ছিনতাই

আমহার্স্ট স্ট্রিট থানার লোহাপট্টি এলাকার বাসিন্দা সত্তরোর্ধ্ব সুপর্ণা ঘোষ। তাঁর স্বামী বছর পাঁচেক আগে প্রয়াত হয়েছেন

কাগজ কেনার অছিলায় বাড়িতে ঢুকে একাকী বৃদ্ধার চেন ছিনতাই
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানার লোহাপট্টি এলাকার বাসিন্দা সত্তরোর্ধ্ব সুপর্ণা ঘোষ। তাঁর স্বামী বছর পাঁচেক আগে প্রয়াত হয়েছেন। এক সন্তান থাকেন বিদেশে। ফলে বাড়িতে একাই থাকেন বৃদ্ধা। পুরনো কাগজ সহ সংসারের নানা বাতিল জিনিসপত্র কেনার কথা বলে গত প্রায় ছ’মাস তাঁর বাড়িতে যাতায়াত করছিল এক ফেরিওয়ালা। মাসে অন্তত একবার সে ঢুঁ মেরে যেত বৃদ্ধার ঠিকানায়। সেই সূত্রে বৃদ্ধার মুখচেনা হয়ে উঠেছিল ফেরিওয়ালা। শনিবারও সে এসেছিল। তবে উদ্দেশ্য ছিল অন্য! সুযোগ বুঝে একাকী বৃদ্ধার গলা থেকে সোনার চেন, একজোড়া বালা ছিনতাই করে চম্পট দেয় সে। সুপর্ণাদেবীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। ছিনতাই হওয়া সোনার গয়নার বর্তমান বাজারদর প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গিয়েছে। 

Advertisement

তদন্তে নেমে পুলিস প্রথমেই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে। জানা যায়, সকাল-সন্ধ্যা বাড়ির কাজ ও রান্নার জন্য একজন পরিচারিকা আছেন সুপর্ণাদেবীর বাড়িতে। তিনি পুলিসকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কাগজ ও বিভিন্ন সামগ্রী ওই ব্যক্তিকে বিক্রি করেন তিনি। সেই সূত্রেই একটা পরিচিতি তৈরি হয়েছিল। বাড়িতে বৃদ্ধা যে একাই থাকেন, জানত অভিযুক্ত। শুধু তাই নয়, পরিচারিকা কখন আসেন, কখন বেরিয়ে যান—কথায় কথায় বৃদ্ধার থেকে তাও জেনে নিয়েছিল ফেরিওয়ালা। সে সাধারণত দুপুরে আসত ওই বাড়িতে। তবে শনিবার সন্ধ্যাবেলায় এসেছিল। সরল বিশ্বাসে তাকে বাড়ির ভিতরে ডাকেন সুপর্ণাদেবী। এক গ্লাস জল দিতে বলে ফেরিওয়ালা। বৃদ্ধা জল আনার জন্য পিছু ঘুরতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। গলার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রাথমিকভাবে বাধা দেন বৃদ্ধা। চিৎকার করে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করেন। তখন তাঁর মুখ চেপে ধরে গলা থেকে সোনার চেন, হাত থেকে একজোড়া সোনার বালা ছিনিয়ে নেয় সেই ফেরিওয়ালা। দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়।  
কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ঢোকেন বৃদ্ধার পরিচারিকা। তাঁর কথায়, ‘ঢুকে আমি দেখি, উনি হতভম্ব হয়ে পড়ে রয়েছেন। হাতে একাধিক জায়গায় চোট।’ বৃদ্ধার মেয়ে-জামাইকে ফোনে খবর দেওয়া হয়। তাঁদের সঙ্গে নিয়ে রাতেই আমহার্স্ট স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ করেন সুপর্ণাদেবী। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিস। পাশের একটি বিউটি পার্লার থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। পুলিস সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। সে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তাকে পাকড়াও করতে অভিযানে নেমেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস। তবে রবিবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ