নয়াদিল্লি: নিকট আত্মীয় বা রক্তের সম্পর্কের বিবাহ হলে তা পরবর্তী প্রজন্মের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। এধরনের বিয়ে আটকাতে কোনো আইন প্রণয়নের প্রয়োজন আছে কিনা, সেবিষয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট। রক্তের সম্পর্কে বিবাহের কারণে পরবর্তী প্রজন্মকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে। এমনই উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিল বেঙ্গালুরুর আইনের ছাত্রী এস চারভি। ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন ও ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের কয়েকটি ব্যতিক্রমী ধারার বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি।
চারভির বাবা-মা তুতো ভাইবোন। রেড্ডি সম্প্রদায়ের নিয়ম মেনে বিয়ে করেছিলেন তাঁরা। পরিবারের মধ্যে বিবাহের কারণেই জন্ম থেকেই ফোটোফোবিয়া, কোন ডিসট্রফির মতো চোখের সমস্যায় ভুগছেন চারভি। তাঁর দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ। সেই মামলায় এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চের পর্যবেক্ষণ, নিকটাত্মীয় বা রক্তের সম্পর্কের বিবাহের উপর আদালত বিধিনিষেধ চাপাতে পারে না। সমাজ সংস্কারের মাধ্যমে আইনসভাই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারে। আদালত বলেছে, ‘আমরা কোনো নির্দেশ দিতে চাইনা। তবে নিকটাত্মীয়দের মধ্যে বিবাহের কারণে পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিচ্ছি। প্রয়োজনে তা পাঠ্যবইয়েরও অন্তর্ভুক্ত করা হোক। এই বিষয়ে কোনো আইন আনা যায় কিনা, সেদিকটিও ভেবে দেখুক সরকার।’



