Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সংঘবদ্ধতার অভাবই ভোগাল পর্তুগালকে

পর্তুগালের বিরুদ্ধে কঙ্গোর ম্যাচে সংঘবদ্ধতার অভাব স্পষ্ট। রোনাল্ডোর ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে। বিস্তারিত পড়ুন।

সংঘবদ্ধতার অভাবই ভোগাল পর্তুগালকে
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘বাবুমশাই, জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি।’— ‘আনন্দ’ সিনেমার বিখ্যাত ডায়লগ বোধহয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শোনেনি। শোনার কথাও নয়। তবে শুনলে হয়তো ভেবে দেখত — পাঁচটা ব্যালন ডি’ওর, একাধিক চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো জেতার পর এমনতিই তার জিন্দেগি ‘বড়ি’। নতুন করে ‘গ্রেটনেস’ প্রমাণের প্রয়োজন নেই। অযথা একটা অধরা মাধুরী, বিশ্বকাপের জন্য কেরিয়ার ‘লম্বি’ করে চলেছে। হয়তো মেসি বিশ্বসেরা হয়েছে, তাই আমাকেও হতে হবে— এমন ভাবনা রোনাল্ডোর আছে। কিন্তু, বুধবারের পর্তুগাল-কম্বো ম্যাচ দেখে একটা ব্যাপার স্পষ্ট, ৪১ বছর বয়সি রোনাল্ডো আর আগের মত নেই। রিফ্লেক্স, ফিটনেস কমেছে। হেডেও তেমন ভয়ঙ্কর দেখাল না। তার চেয়েও বড় চিন্তার বিষয়, রোনাল্ডোর জন্য পর্তুগাল দলের আন্তরিকতাও কম। আর্জেন্তিনায় যেমন মেসির জন্য মাঠে জান লড়িয়ে তৈরি ডে পল, ডিবুরা। কিন্তু পর্তুগালে সম্পূর্ণ অন্য ছবি। 

Advertisement

১৯৭৪ বিশ্বকাপে কঙ্গো ৩ ম্যাচে ১৪ গোল খেয়েছিল। ৫২ বছর পর ফের বিশ্বকাপের টিকিট পেয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৬ নম্বরে থাকা দল। সেখানে পর্তুগালের সবাই তারকা,  মহাতারকা। রোনাল্ডোর কথা ছেড়েই দিলাম। ব্রুনো ফার্নান্ডেজ, ভিটিনহা, নেভেস— সবাই তো ক্লাব ফুটবলে সুপারস্টার। তার উপর ষষ্ঠ মিনিটেই লিড পেয়ে গেল। সেখান থেকে কোথায় কঙ্গোকে গোলের মালা পরাবে! উলটে, গোলের পর রোনাল্ডোরাই ‘ঘুমিয়ে’ পড়ল। বরং প্রথমার্ধের শেষ দিকে কঙ্গোর তাগিদ বেশি চোখে পড়ল। মাঝমাঠে ভিটিনহা, নেভেসদের রীতিমতো টেক্কা দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত মুথুস্বামী, কায়েম্বে। অবশ্য কঙ্গোর সমতাসূচক গোলের জন্য দায় নিতে হবে পর্তুগাল রক্ষণকে। ডিফেন্সের স্তম্ভ রুবেন ডিয়াজের অভাব বোঝা গিয়েছে। পাশাপাশি সংঘবদ্ধতার অভাব। কোথাও যেন মনে হল ব্রুনো পাস বাড়াচ্ছে না রোনাল্ডোকে। আবার দ্বিতীয়ার্ধের শেষ দিকে সিআরসেভেনকে একই ভূমিকায় দেখলাম। কোচ মার্তিনেজের নিশ্চয় বিষয়টি চোখ এড়ায়নি। আশা করি, পরের ম্যাচে চেনা পর্তুগালকে দেখব। প্রয়োজন পড়লে ৪১ বছর বয়সি রোনাল্ডোকে পরিবর্ত হিসেবে ব্যবহার করা হোক। কারণ, কঙ্গোর বিরুদ্ধে সিংহভাগ সময় নিজের ছায়া হয়েই ছিল সিআরসেভেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ