Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরার লোয়াদায় শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রথযাত্রায় ভক্তদের ঢল

রবিবার জোড়া রথযাত্রা উপলক্ষ্যে ডেবরা থানার লোয়াদা গ্রামে মানুষের ঢল নামল। একটি শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রথ।

ডেবরার লোয়াদায় শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রথযাত্রায় ভক্তদের ঢল
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রবিবার জোড়া রথযাত্রা উপলক্ষ্যে ডেবরা থানার লোয়াদা গ্রামে মানুষের ঢল নামল। একটি শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রথ। অন্যটি লক্ষ্মী-জনার্দ্দন জিউর রথ। এদিন ওই গ্রামে ১২তম রথযাত্রা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডেবরার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা রথযাত্রায় শামিল হয়েছেন। দিনভর নামসংকীর্তনের আয়োজনও হয়েছে। সেইসঙ্গে মেলা কমিটির তরফে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা ও স্বাস্থ্যশিবির হবে। লোয়াদা দেশ কমিটির সভাপতি হরিপদ দে বলেন, এবছর একাধিক প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও থাকছে। উলটো রথের দিন রেকর্ড ভিড় হবে বলে আশা করছি। আগামী ১২ফেব্রুয়ারি অবধি মেলা চলবে। লোয়াদার রথযাত্রা প্রায় ৪০০বছরের পুরনো। জনশ্রুতি অনুযায়ী, নবদ্বীপ থেকে আসা কয়েকজন ভক্ত এখানে চৈতন্য মহাপ্রভুর নিমকাঠের বিগ্রহ নির্মাণ করে নামসংকীর্তন শুরু করেছিলেন। সংকীর্তন শেষে দু’দিন ধরে চেষ্টা করলেও বিগ্রহ নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেকারণে এখানেই মহাপ্রভু বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। পরে মন্দির নির্মিত হয়। কংসাবতী নদীতে ভেসে আসা নিমকাঠ দিয়ে শ্রীশ্রী নিত্যানন্দ ও অদ্বৈতপ্রভুর বিগ্রহও গড়া হয়। সেসময় থেকে রথযাত্রা শুরু হয়েছিল। কিন্তু কিছু বছর পর রথ ভেঙে পড়ায় উৎসব বন্ধ হয়ে যায়। এরপর প্রায় ৭২বছর আগে স্থানীয় যুবকদের উদ্যোগে ফের নতুন রথ তৈরি হয়। মহাপ্রভুর সেবায় নিয়োজিত পল্টু তলোয়ার জানান, রীতি মেনে নিত্যসেবা ও রথযাত্রা হচ্ছে। এবছর রেকর্ড ভিড় হবে। লোয়াদা দেশ কমিটির সম্পাদক বিনয়কৃষ্ণ মণি বলেন, মেলা আয়োজনের পাশাপাশি রক্তদান সহ নানা সামাজিক কাজও আমরা করে থাকি। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ