Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কটিশ চার্চ কলেজের হস্টেলে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

স্কটিশ চার্চ কলেজের হস্টেলে এক ছাত্রীর রহস্যমৃত্যু। মৃতের নাম ঋষিতা বণিক (২১)। তিনি আদতে ত্রিপুরার বাসিন্দা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

স্কটিশ চার্চ কলেজের হস্টেলে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কটিশ চার্চ কলেজের হস্টেলে এক ছাত্রীর রহস্যমৃত্যু। মৃতের নাম ঋষিতা বণিক (২১)। তিনি আদতে ত্রিপুরার বাসিন্দা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিধান সরণিতে কলেজের হস্টেলে থাকতেন ঋষিতা। ময়নাতদন্তের চিকিৎসকরা মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন, শরীরে বিষাক্ত কোনো পদার্থের উপস্থিতির কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৯টা নাগাদ হস্টেলে ফেরেন ওই ছাত্রী। তারপর থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপর হস্টেলের চারতলায় বিশ্রাম নিতে যান ঋষিতা। এরপর থেকে তাঁর সঙ্গে কারও যোগাযোগ ছিল না। পরের দিন, অর্থাৎ ২৪ জানুয়ারি দুপুরের দিকে ঋষিতার মা তাঁকে ফোনে না পেয়ে রুমমেটদের খোঁজ নিতে বলেন। তখন সহপাঠীরা বিশ্রাম ঘরে গিয়ে দেখেন, ঋষিতা মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তাঁকে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই সন্ধেয় ছাত্রীর মৃত্যু হয়।

বড়তলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশ এখনও পর্যন্ত কোনো অপরাধমূলক ষড়যন্ত্র বা ধস্তাধস্তির প্রমাণ পায়নি। মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকেও লিখিত অভিযোগ জমা পড়েনি। ২৫ জানুয়ারি ঋষিতার মৃতদেহের ময়নাতদন্ত হয়। তার চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে, অসুস্থ বোধ করে সিক–‌রুমে যাওয়ার পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত ওই ছাত্রী কেন কারো সঙ্গে যোগাযোগ করেননি, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এপ্রসঙ্গে, স্কটিশ চার্চ কলেজে অধ্যক্ষা মধুমঞ্জরী মণ্ডল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরাই অভিভাবকদের বিষয়টি জানাই। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কীভাবে ঘটল তা জানতে আমরা পুলিশের রিপোর্টের অপেক্ষায় আছি। কলেজে একজন পেশাদার কাউন্সিলার রয়েছেন। তিনিই নিয়মিত পড়ুয়াদের মানসিক অবস্থার খোঁজখবর রাখেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ