Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমান বসুর জীবনকাহিনি নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র

বর্ষীয়ান বাম নেতা বিমান বসুর জীবনকাহিনি নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। পাশাপাশি ৮৬ বছরের বিমান বসুর আত্মজীবনীর কাজও শুরু হয়েছে।

বিমান বসুর জীবনকাহিনি নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষীয়ান বাম নেতা বিমান বসুর জীবনকাহিনি নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র। পাশাপাশি ৮৬ বছরের বিমান বসুর আত্মজীবনীর কাজও শুরু হয়েছে। বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দপ্তর মুজফফর আহমেদ ভবনে ‘আমাদের চেয়ারম্যান’ বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনে এমনটাই ঘোষণা করা হয়েছে। ওই তথ্যচিত্র তৈরি করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এদিন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত বলেন, ‘এই বই করতে বিমান বসু প্রথমে রাজি হননি। ওঁর তথ্যচিত্র, আত্মজীবনীর কাজ চলছে। আমরা তার মাঝেই এই বই করলাম। আশা করি, আগামী শারোদত্সবের আগে আমরা তথ্যচিত্র ও আত্মজীবনীর কাজ শেষ করে ফেলতে পারব।’ 

Advertisement

‘আমাদের চেয়ারম্যান’ বইটিতে ৩৩ জন বিমান বসুকে নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা লিখেছেন। সেখানে বৃন্দা কারাত, প্রকাশ কারাত, এম এ বেবি, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী যেমন রয়েছেন, তেমনই তরুণদের মধ্যে সৃজন ভট্টাচার্য, পৃথা তা এবং ময়ূখ বিশ্বাসের লেখাও রয়েছে। অভিনয় জগতের বাদশা মৈত্র, সৌরভ পালোধী, মানসী সিনহা, চন্দন সেন (সিনিয়র) প্রমুখ লিখেছেন। এদিন বই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বসু স্বয়ং। উদ্বোধন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘এই বইয়ের মাধ্যমে লোকজন জানুক সংগ্রাম কাকে বলে, আন্দোলন কাকে বলে, রাজনীতি বলতে কী বোঝায়।’ বই উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদার, মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ প্রমুখ নেতৃত্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ