নিজস্ব প্রতিনিধি, হাওড়া: একটি মালবোঝাই কন্টেনার উল্টে বিপত্তি। দীর্ঘক্ষণ বন্ধ হয়ে রইল রাস্তা। ব্যাহত যান চলাচলও। বিপাকে পড়লেন নিত্যযাত্রীরাও। আজ, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার মন্দিরতলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৪ চাকার একটি ট্রেলারে করে নিয়ে যাওয়া হচ্ছিল মালবোঝাই কন্টেনার। খিদিরপুর থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে হাওড়ার লিলুয়ার দিকে যাচ্ছিল কন্টেনার বোঝাই ট্রেলারটি।
এদিন ভোররাতে মন্দিরতলায় এসে রাস্তার মোড় ঘুরে বাসস্ট্যান্ডের কাছে কন্টেনার বোঝাই ট্রেলারটি দাঁড় করিয়ে নেমে যায় চালক। তারপর আচমকাই ট্রেলার থেকে মালবোঝাই কন্টেনারটি পিছনে গড়িয়ে যায়। সেটি মন্দিরতলায় বিদ্যাসাগর সেতুর অ্যাপ্রোচ রোডের ফ্লাইওভারে ওঠার রাস্তায় উল্টে পড়ে। যার ফলে আজ, মঙ্গলবার সকাল থেকেই মন্দিরতলা রুটের সমস্ত বাস চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় কলকাতা ও কোনা এক্সপ্রেসওয়ের সমস্ত গাড়ির আসা-যাওয়া। পুলিস ক্রেনের সাহায্যে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর কন্টেনারটি ট্রেলারে তোলে। তারপরই রাস্তা খুলে দেওয়া হয়। যান চলাচলও ফের স্বাভাবিক হয়। তবে দীর্ঘক্ষণ ব্যস্ত রাস্তা বন্ধ থাকায় কাজের দিনে হয়রানি হতে হয় নিত্যযাত্রীদের।