নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আয় বাড়াতে একাধিক পদক্ষেপ নিল খণ্ডঘোষের সগড়াই পঞ্চায়েত কর্তৃপক্ষ। পঞ্চায়েত অফিসের তিনতলায় হলঘর তৈরি করে তা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোতলবন্দি পরিস্রুত পানীয় জলের প্ল্যান্টও গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে কাজ অনেকটা এগিয়েছে। পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়াতে কয়েক বছর আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল। অফিস ভবনের নীচতলায় থাকা পাঁচটি দোকানঘর স্থানীয় ব্যবসায়ীদের ভাড়া দেওয়া হয়েছে। সেখান থেকে প্রতি মাসে নির্দিষ্ট আয় রয়েছে। সেই অঙ্ক বাড়াতেই এবার অফিস ভবনের উপরে তৈরি করা হবে বিশালাকার হলঘর। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সেটি ভাড়া দেওয়া হবে। সেইসঙ্গে তৈরি হবে পানীয় জলের প্রকল্প। নতুন বছরের শুরুর দিকেই সেই প্রকল্পের কাজ শুরুর চেষ্টা করা হচ্ছে। তা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। আগামী বছরের মাঝামাঝি সময় থেকেই উত্পাদন শুরু করার লক্ষ্য রয়েছে। খোলা বাজারে সুলভে সেই জল বিক্রি করা হবে। পাশাপাশি জেলার সরকারি দপ্তর, বৈঠক সহ নানা অনুষ্ঠান বা সভায় চাহিদা অনুসারে জলের জোগান দেওয়া হবে। এতে আয় বাড়বে।পঞ্চায়েত পরিচালনার খরচ কমাতে চতুর্থতলে সোলার প্যানেলও বসানো হবে। সূত্রের খবর, এনিয়ে একাধিক বৈঠকও হয়েছে। নতুন বছরে সোলার প্যানেল বসানো হবে। তা থেকে পঞ্চায়েত অফিসের লাইট, ফ্যান সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ চালানো হবে। এতে আগামীতে বিদ্যুতের খরচ কমানো সম্ভব হবে। যদিও কর্তৃপক্ষের লক্ষ্য বিদ্যুত্ খরচ শূন্যে নামিয়ে আনা। পঞ্চায়েতের প্রধান দেবযানী রায় বলেন, আয় বাড়ানোর লক্ষ্যে হলঘর ভাড়া দেওয়া সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোলার প্যানেল বসিয়ে খরচ কমানোর ভাবনাও রয়েছে। উভয়ক্ষেত্রেই কাজ চলছে।



