নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ হল সিপিএমের দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক। এবারের বৈঠকে আসন্ন পুরসভা নির্বাচনের ক্ষেত্রে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার বার্তা দিয়েছেন নেতৃত্ব। কিন্তু তৃণমূল বা কংগ্রেসের ক্ষেত্রে সিপিএমের কী অবস্থান হবে? সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আলিমুদ্দিন স্ট্রিট থেকে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা অত্যন্ত সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পার্টির পলিটিক্যাল লাইন পার্টি কংগ্রেসে ঠিক হয়। গোটা দেশে বিজেপি বিরোধী সর্ববৃহত্ জমায়েত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই লড়াই পশ্চিমবঙ্গে কী করে হবে? সমস্ত বামপন্থী ব্যক্তি-গোষ্ঠী-দলকে আমরা ঐক্যবদ্ধ করছি। সে কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সেখানে আমরা সমস্ত ভুক্তভোগীকে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু ৪টি ‘সি’ বাদ দিয়েছ। কাস্টিস্ট, কমিউনাল, ক্রিমিনাল ও করাপ্ট বাদ দিয়ে সকলে স্বাগত। ‘চর’ ও ‘চোর’ থেকে সাবধান থাকতে হবে।’ তাহলে এখানে তৃণমূলের অবস্থান কোথায়? সেলিম বলেন, ‘একটা সি কোথাও কম, কোথাও বেশি।’ কংগ্রেসের বিষয়ে তিনি বলেন, ‘কংগ্রেসের সঙ্গে অতীতেও গিয়েছি। ভবিষ্যতেও যেতে পারি। বর্তমানেও যেতে পারি। আগে কংগ্রেসকে মায়া ত্যাগ করতে হবে। অনেকে আছে, তত্কালদের জন্য দরজা-জানলা খুলে রাখে।’
পাশাপাশি তিনি বলেন, শাসক দলের নেতারা ‘অপবিজ্ঞানের’ প্রচার করছে। তাঁর কথায়, ‘বিশ্বজুড়ে জলবায়ু নিয়ে এত আন্দোলন হচ্ছে। সেখানে সরকার তো মোকাবিলা করবেন। এখানে বলছে, বাজি ফাটালে রোগ-ভোগ চলে যাবে। মন্ত্রী-বিধায়ক বললে বুঝতাম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে এসেছে। আরএসএস প্রধান মোহন ভগবত্ বলছেন। ইতিহাসকে গল্প দিয়ে সরাচ্ছে। বিজ্ঞানকে অপবিজ্ঞান দিয়ে সরাচ্ছে।’



