Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় কৃষক সম্মান পেয়েছেন বিজেপি নেতা, শিলিগুড়ির এমপি, তিন এমএলএ পদ্মের, তবু কেন্দ্রের বাজেটে বঞ্চিত আনারস

আনারস চাষি বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল। আট বছর আগে তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেয়েছেন জাতীয় কৃষকের সম্মান।

জাতীয় কৃষক সম্মান পেয়েছেন বিজেপি নেতা, শিলিগুড়ির এমপি, তিন এমএলএ পদ্মের, তবু কেন্দ্রের বাজেটে বঞ্চিত আনারস
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আনারস চাষি বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল। আট বছর আগে তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেয়েছেন জাতীয় কৃষকের সম্মান। কিন্তু, দেশের বাজেটে অবহেলিত আনারস। এনিয়েই সরব শিলিগুড়ির আনাররস চাষিরা। তাঁরা কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, সংশ্লিষ্ট বিষয় নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বাগযুদ্ধ। বিধানসভা ভোটের মুখে এনিয়ে স্থানীয় রাজনীতিতে পারদ চড়ছে।

Advertisement

চা ও কমলালেবুর মতো দার্জিলিং জেলার আর একটি অর্থকারী ফল আনারস। যা জেলার সমতলভাগ ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লকে হয়। এখনকার ‘কিং’ প্রজাতির আনারস জগৎ বিখ্যাত। সারা বছর ধরেই এখন থেকে আনারস কলকাতা, দিল্লি, মুম্বই সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। এখনকার আনারস চাষিই অরুণ বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি। ২০১৮ সালে তিনি জাতীয় কৃষকের সম্মান পেয়েছেন। অথচ, এবারের কেন্দ্রীয় বাজেটে আনারস চাষের উন্নয়নে কোনও দিশা দেওয়া হয়নি।

স্থানীয়রা বলেন, দার্জিলিং লোকসভা কেন্দ্র এবং জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্র বিজেপির কব্জায়। এমনকী জাতীয় পুরষ্কার প্রাপ্ত আনারস চাষিও বিজেপির জেলা সভাপতি। তারপরেও এখানকার আনারস অবহেলিত থাকবে তা  অকল্পনীয়।

দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর-১ও ২, চটহাট, ঘোষপুকুর এবং খড়িবাড়ি ব্লকের রানিগঞ্জ-পানিশালী এলাকায় আনারস চাষ হয়। সংশ্লিষ্ট এলাকায় চাষের জমির পরিমাণ প্রায় ১১৭ হেক্টর জমি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৯ থেকে ১০ হাজার মানুষ এরসঙ্গে যুক্ত। স্থানীয় একটি কৃষক প্রডিউসার কোম্পানির ডিরেক্টর প্রদীপকুমার সিংহ বলেন, আনারস চাষে সুযোগ-সুবিধা প্রদান, প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়া, সংরক্ষণ কেন্দ্র গড়ার উদ্যোগ কেন্দ্রীয় বাজেটে উল্লেখ থাকবে বলে আশা করেছিলাম। তা হয়নি। কাজেই, কেন্দ্রের এই বাজেটে হতাশ।

এদিকে, সংশ্লিষ্ট ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ। তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল বলেন, জাতীয় স্বীকৃতি সত্ত্বেও উত্তরবঙ্গের বিখ্যাত ফল আনারস চাষের উন্নয়ন ও প্রচার নিয়ে বাজেটে কোনও ঘোষণা নেই। চা বাগানের মতো এই ফসলও বঞ্চিত। কাজেই কেন্দ্রের বিজেপির সরকারের এই বাজেট কৃষকের স্বার্থ ও উন্নয়ন বিরোধী।

বিজেপি অবশ্য বঞ্চনার অভিযোগ মানতে নারাজ। শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি বলেন, এবারের বাজেট কৃষককে শিল্পপতি বানানোর বাজেট। অর্থাৎ ক্ষুদ্র ও কুটির শিল্পে জোর দিয়েছে কেন্দ্র। এর মাধ্যমেই আনারস চাষিরা শিল্পপতি হয়ে ওঠার সুযোগ পাবেন। তাছাড়া বর্তমান রাজ্য সরকারের অসহযোগিতা এবং সিন্ডিকেট রাজের জেরেই বিধাননগরে আনারস পক্রিয়াকরণ শিল্প গড়ে উঠছে না। পাল্টা তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটালেও বাজেটে ফাঁকা! নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন গল্প বানাচ্ছে বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ