নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুলডোজার, কর্পোরেশনের ময়লার গাড়ি, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, প্রিজন ভ্যান, মায় চকোলেট বোমা! গত এক মাসে বামেদের বই বিপণি আটকাতে কলকাতার রাস্তায় এসবই দেখা গিয়েছে। এই আবহে শনিবারের কলেজ স্ট্রিট বই হাতে বাম ছাত্রদের এক সদর্প মিছিলের সাক্ষী থাকল। মঙ্গলবারের কলেজ স্ট্রিট দেখেছে বই নিয়ে রাস্তায় বসার জন্য ৪১ জনের আটক হওয়া। ৬১টি বই তুলে নিয়ে যায় খোদ পুলিশ। বুধবার সন্ধ্যায় সেই বুক স্টল লক্ষ্য করে উড়ে এসেছিল চকোলেট বোমা। বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসুকে হেনস্তার চেষ্টা হয় বলেও অভিযোগ। যাবতীয় অভিযোগের তির ছিল আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির দিকে। এসবের প্রতিবাদে শনিবার হেদুয়া পার্ক থেকে শুরু হয় বিভিন্ন বাম ছাত্র সংগঠনের সম্মিলিত মিছিল। শেষ হয় কলেজ স্ট্রিটে। মিছিল শেষে আচমকাই কলেজ স্ট্রিটে ফের বই বিক্রি শুরু করে এসএফআই। আবার বই কেন? তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। তবে বড়ো কোনো বিপত্তি বাধেনি। এক ঘণ্টার বেশি সময় ধরে চলে বই বিক্রি। শেষ পর্যন্ত অবিক্রিত বইগুলি গাড়িতে তুলে নিয়ে ছাত্ররা স্লোগান দেন, ‘আসছে বছর আবার হবে।’
বামেদের বুক স্টল তুলে দিতে দুর্গাপুজোর সপ্তমীর রাতে যাদবপুর এইট বি’তে নেমেছিল কেন্দ্রীয় বাহিনী। সেদিন এসইউসিআই-র বুক স্টল ভাঙা গেলেও সিপিএম ও আইসার বই বিপণি শেষ পর্যন্ত অক্ষত থাকে। কিন্তু তারপর থেকে রাজ্যজুড়ে বামপন্থীদের শারদীয়া বই বিপণির উপর আক্রমণ নেমে আসে। এসব ঘটনায় উৎসব মরশুমের গোড়া থেকেই রাজ্য রাজনীতি সরগরম ছিল। কিন্তু গত বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআইয়ের বুক স্টলে যেভাবে পুলিশের সামনেই পচা ডিম থেকে চকোলেট বোমা উড়ে এসেছে, তাতে গোটা বিষয়টি অন্য মাত্রা পায়। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘বই নিয়ে রাস্তায় বসার জন্য ৪১ জনকে আটক করে লালবাজারে নিয়ে গিয়েছিল। বোমা মারার জন্য পুলিশ একজনকেও গ্রেপ্তার করার সাহস দেখাতে পারল না। উলটে পুলিশ এখন আটক হওয়া লোকজনের বাড়িতে নোটিস পাঠাচ্ছে।’
‘বোমার মুখে, বইয়ের জবাব’ স্লোগানে মুখরিত ছিল এদিনের মিছিল। যোগ দিয়েছিল এসএফআই, ডিএসও, আইসা সহ প্রায় সমস্ত বাম ছাত্র সংগঠন। উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভাট্টাচার্য, সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিত্ মজুমদার। মিছিল শেষ হতেই বই সাজিয়ে, হাতে বিল বই নিয়ে বসে পড়েন এসএফআই কর্মীরা। বিক্রি শুরু হয়ে যায়। দেবাঞ্জনের কথায়, ‘বই নিয়ে বসতেই পুলিশ দৌড়ে এল। বই দেখলেই আসলে ওঁদের ভয় করে। আমরা স্পষ্ট জানিয়েছি, রবীন্দ্রনাথ-নজরুলের বাংলায় বোমা চলবে না, বই চলবে।’ এই আবহে ২৬ নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বিভিন্ন বিভাগে বই নিয়ে পৌঁছানোর কর্মসূচি নিয়েছে ডিএসও। বাম ছাত্র সংগঠনগুলির নেতৃত্ব এদিন কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে বিজেপি-আরএসএস-এবিভিপিকে ‘বই বিরোধী শক্তি’ বলে আক্রমণ করেন। পালটা এবিভিপির মিডিয়া ইনচার্জ অনন্ত বাড়ুই বলেন, ‘আমাদের লড়াইটা স্পষ্ট। গণতান্ত্রিক ও আদর্শগত লড়াইয়ের মাধ্যমে বামপন্থী হিংসার রাজনীতিকে প্রতিহত করবে এবিভিপি।’



