নয়াদিল্লি: ভারতে মহাকাশ গবেষণায় বেসরকারি উদ্যোগে নয়া নজির গড়েছে স্কাইরুট। তাদের অরবিটাল রকেট বিক্রম ১-এর সফল উৎক্ষেপণ হয়েছে। এই স্টার্টআপের তরুণ বিজ্ঞানীদের প্রশংসা করতে গিয়ে ঘুরিয়ে রাহুল গান্ধীকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার বিরোধী দলনেতা ‘৫৬ বছরের তরুণ’ বলে কটাক্ষ করেন তিনি। সংসদের বাদল অধিবেশনের আগে প্রধানমন্ত্রী বলেন, ভারতের তরুণ প্রজন্মের বিজ্ঞানীরা মহাকাশে নয়া উড়ান শুরু করেছে। স্কাইরুটের গোটা দলের গড় বয়স ২৮ বছর। আমি কোনও ৫৬ বছর বয়সি তরুণের কথা বলছি না।’ তথ্যাভিজ্ঞ মহলের মতে, কাকতালীয়ভাবে প্রধানমন্ত্রী ‘৫৬’ সংখ্যার উল্লেখ করেননি। জুনে ৫৬ বছরে পড়েছেন রাহুল। বারবার মোদিকে নিশানা করতে গিয়ে ‘৫৬ ইঞ্চির ছাতির’ প্রসঙ্গ টেনে আনেন কংগ্রেস সাংসদ। এদিন তাঁকে বিঁধতে গিয়ে সেই ‘৫৬’-র কথাই উল্লেখ করেছেন মোদি। তাই তিনি কোনো নাম উল্লেখ না করলেও নিশানায় যে রাহুলই ছিলেন, তা বুঝতে সমস্যা হয়নি। মোদির ওই খোঁচাকে বস্তাপচা বক্তব্য বলে উল্লেখ করেছে হাত শিবির। জয়রাম রমেশের পাল্টা তোপ, রামমন্দির থেকে চাঁদা চুরি হচ্ছে। নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিরোধীদের ছত্রভঙ্গ করতে নোংরা রাজনীতির আশ্রয় নিচ্ছে বিজেপি। গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে নজর ঘোরাতেই প্রধানমন্ত্রী বস্তাপচা একঘেয়ে মন্তব্য করে চলেছেন। প্রধানমন্ত্রীর মন্তব্যকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। তাঁর কথায়, এটা অত্যন্ত লজ্জার বিষয়। রাহুল গান্ধী নিজের জন্য চাকরি চাইছেন না। ৫৬ বছরের কোনো তরুণের হয়েও কথা বলছেন না। তিনি ২০, ২২ ২৫, ২৬ বছর বয়সি যুবদের কথা বলছেন। তাঁদের হাতে কাজ নেই। জমি বিক্রি করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। সেসবে মোদির কোনো মাথাব্যথা নেই।



