নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: এসআইআর চালু হওয়ার পর থেকেই সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বেড়েছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা চালিয়েছে বেশ কিছু মানুষ। তবে, বিএসএফ তৎপর হয়ে সেই চেষ্টায় জল ঢেলে দেয়। চোরাপথে বাংলাদেশে পালানোর আগে তাদের ধরে তুলে দেওয়া হয়েছে স্বরূপনগর থানার হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ নভেম্বর ১১ জনকে পাকড়াও করা হয়। তাদের মধ্যে ৫ জন মহিলা। পরদিন, ৩ নভেম্বর, সেই সংখ্যা আরও বাড়ে ৩৮ জন ধড়া পড়ে। এরমধ্যে ২২ জন মহিলা। ৪ নভেম্বর পালানোর চেষ্টা করেন আরও ৪৫ জন। যার মধ্যে ২১ জন মহিলা। সূত্রের খবর, এসআইআর কার্যকর হওয়ার পর আতঙ্কে অনেকেই বাংলাদেশ ফিরে যাওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বরূপনগর ও আশপাশের গ্রামগুলিতে এই প্রবণতা নিয়ে প্রশাসনের উদ্বেগ বেড়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সম্প্রতি সীমান্ত এলাকায় অপরিচিত মুখের আনাগোনা বাড়ছে। পরে দেখা যাচ্ছে, তারা চোরাপথে সীমান্ত পেরনোর পরিকল্পনা করছেন। এতদিন তাঁরা চোরাপথে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন। প্রত্যেকেরই কমবেশি জাল শংসাপত্র তৈরি হয়েছিল। কিন্তু এসআইআর আবহে তাঁদের ফাঁপরে পড়তে হবে এই আশঙ্কা করেই বাংলাদেশে পালানোর ছক করেছিলেন। কিন্তু শেষমেশ তা ভেস্তে যায়। আটকদের মধ্যে অনেকেই দারিদ্রসীমার নীচে বাস করেন, কেউ দিনমজুর, কেউ অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন।



