Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাফরাবাদে বাবা-ছেলে খুনের ৫৬ দিনের মাথায় ৯০০ পাতার চার্জশিট

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনার ৫৬ দিনের মাথায় ৯০০ পাতার চার্জশিট দিল রাজ্য পুলিসের বিশেষ তদন্তকারী দল।

জাফরাবাদে বাবা-ছেলে খুনের ৫৬ দিনের মাথায় ৯০০ পাতার চার্জশিট
  • ৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনার ৫৬ দিনের মাথায় ৯০০ পাতার চার্জশিট দিল রাজ্য পুলিসের বিশেষ তদন্তকারী দল। ১৩ জনকে অভিযুক্ত দেখিয়ে শুক্রবার দুপুরে চার্জশিট পেশ করা হল জঙ্গিপুর আদালতে। হেভিওয়েট এই মামলায় দ্রুত শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করে একাধিক তথ্য প্রমাণ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেই তথ্যের বিস্তারিত রয়েছে চার্জশিটে। তার উপর ভিত্তি করে ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে শুক্রবার চার্জশিট জমা দিল বিশেষ তদন্তকারী দল। জঙ্গিপুর জেলা পুলিসের এক আধিকারিক বলেন, মামলার গুরুত্ব বিবেচনা করে সমস্ত তথ্য প্রমাণ একত্রিত করে আমরা দ্রুত চার্জশিট জমা দেওয়ার ব্যবস্থা করেছি। জানা গিয়েছে, অভিযুক্তরা কীভাবে ঘটনা ঘটিয়েছে এবং ঘটনার পর তারা কীভাবে গা ঢাকা দিয়েছিল সেসব উল্লেখ আছে। তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করে দ্রুত শুনানির কথা বলেছেন।

Advertisement

উল্লেখ্য, মুর্শিবাদের ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তির সময় তাণ্ডব চলে সামশেরগঞ্জ ও ধুলিয়ানের বিস্তীর্ণ এলাকায়। গত ১২ এপ্রিল জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দোষীদের ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য। ডিআইজি পদমর্যদার আধিকারিকের নেতৃত্বে তদন্ত চলে। খুনে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদ ও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পরপর গ্রেপ্তার হতে থাকে দুষ্কৃতীরা। মোট ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিসের বিশেষ তদন্তকারী দল। ঘটনার পর স্থানীয় কয়েকজনের সহযোগিতায় গা ঢাকা দিয়েছিল জোড়া খুনের মূল চক্রীরা। তবে ধারাবাহিক অভিযানে সমস্ত অভিযুক্তদের জালে তোলে পুলিস। 
পুলিসের দাবি, তদন্তে উঠে এসেছে জমি বিবাদকে কেন্দ্র করে আগে থেকেই অভিযুক্ত কয়েকজনের সঙ্গে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের শত্রুতা ছিল। ওইদিন অশান্তির ঘটনায় যখন একের পর এক বাড়ি ভাঙচুর এবং লুটপাট চলছিল তখন প্রতিবাদ করতে বাড়ির বাইরে বের হয় চন্দন দাস। সেই সময়ে দুষ্কৃতীরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘর থেকে তার বাবা হরগোবিন্দ দাস বেরিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়।  এই ঘটনায় গোটা রাজ্যে তোলপাড় হয়ে যায়। পুলিস যথাসম্ভব দ্রুততার সঙ্গে চার্জশিট পেশ করায় মামলা গতি পাবে বলে আশা স্থানীয়দের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ