নয়াদিল্লি: চলতি বছরে বিশ্বের সেরা পঞ্চাশে জায়গা করে নিল ভারতের ন’টি বিশ্ববিদ্যালয়। তবে শীর্ষ ৫০-এ ঠাঁই হলেও ‘কিউএস’ প্রকাশিত বিষয় ভিত্তিক এই র্যাঙ্কিংয়ে ভারতের বেশ কয়েকটি ‘কুলীন’ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের পূর্বের অবস্থান থেকে পিছিয়ে গিয়েছে। পাশাপাশি সামগ্রিক র্যাঙ্কিংয়ে পশ্চিমবঙ্গ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে ৭২১ থেকে ৭৩০-এর মধ্যে। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে ৭৫১-থেকে ৭৬০-এর মধ্যে। রাজ্যের দু’টি বিশ্ববিদ্যালয়ই গত বছরের তুলনায় সামান্য হলেও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল ৮০১ থেকে ৮৫০-এর মধ্যে। যাদবপুরের ঠাঁই হয়েছিল ৭৪১ থেকে ৭৫০-এর মধ্যে।
‘কিউএস’-এর বিশ্ব ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের ১৫তম সংস্করণে দেখা যাচ্ছে, এবার ভারত থেকে সবচেয়ে ভালো র্যাঙ্কিং পেয়েছে ইন্ডিয়ান স্কুল অব মাইনস (আইএসএম), ধানবাদ। ইঞ্জিনিয়ারিং- মিনারেল অ্যান্ড মাইনিং ক্যাটিগরিতে বিশ্বের মধ্যে ২০তম স্থান পেয়েছে এই প্রতিষ্ঠানটি। এই একই বিভাগে আইআইটি-খড়্গপুর ৪৫তম স্থান দখল করেছে। ব্রড সাবজেক্ট ক্যাটিগরিতে আইআইটি-দিল্লি ২৬তম ও আইআইটি-বম্বে ২৮তম স্থানে রয়েছে। বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটিগরিতে আইআইএম-আমেদাবাদ ২৭তম স্থান পেয়েছে। এই বিভাগে ৪০তম স্থানে রয়েছে আইআইএম-ব্যাঙ্গালোর। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে বিশ্বের মধ্যে ২৯তম স্থান পেয়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং-পেট্রোলিয়াম ক্যাটিগরিতে আইআইটি-মাদ্রাজ ৩১তম স্থান পেয়েছে।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বৃহত্তর বিভাগে পূর্বের অবস্থানের তুলনায় এবার উন্নতি করেছে আইআইটি-দিল্লি ও আইআইটি-বম্বে। দু’টি প্রতিষ্ঠানই এর আগে ৪৫তম স্থানে ছিল। সেখান থেকে এবছর যথাক্রমে ২৬ ও ২৮তম স্থানে উঠে এসেছে। তবে ইঞ্জিনিয়ারিং-মিনারেল অ্যান্ড মাইনিং ক্যাটিগরিতে গত বছরের তুলনায় র্যাঙ্কিংয়ে পিছিয়েছে আইআইটি-বম্বে ও আইআইটি-খড়্গপুর। প্রথম ৫০-এ থাকলেও গত বছরের তুলনায় র্যাঙ্কিং খারাপ হয়েছে আইআইএম-আমেদাবাদ (২২তম থেকে ২৭তম) ও আইআইএম-ব্যাঙ্গালোরের (৩২তম থেকে ৪০তম)।