নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আজ, রবিবার মুর্শিদাবাদে প্রায় সাড়ে আট হাজার পরীক্ষার্থী ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট(ইউজি) বা নিট পরীক্ষায় বসবে। এই জেলায় ২০টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন ডব্লুবিসিএস অফিসার পরীক্ষা দেখভালের দায়িত্বে থাকবেন। নকল ঠেকাতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তিনজন করে পুলিস অফিসার মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করবে। শুধু মুর্শিদাবাদ পুলিস জেলায় প্রায় ৮২০০ পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসবে বলেই জানা গিয়েছে। সব থেকে বেশি পরীক্ষা কেন্দ্র রয়েছে বহরমপুর শহরে।
পরীক্ষা কেন্দ্রগুলিরও মধ্যে বেশি পরীক্ষার্থী রয়েছে কৃষ্ণনাথ কলেজ স্কুল, মণীন্দ্রনগর বয়েজ হাই স্কুল, গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইন্সটিটিউট, বহরমপুর কলেজ, নিমতলা হাই স্কুল, গভর্নমেন্ট কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট, খাগড়া গুরুদাস তারাসুন্দরী ইন্সটিটিউট, সৈদাবাদ মণীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ, মুর্শিদাবাদ ইন্সটিটিউট অব টেকনোলজি, হরিহরপাড়ার হাজি একে খান কলেজ, সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, বহরমপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা হবে। শারীরিক প্রতিবন্ধীদের আরও এক ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হবে। বেলা ১১টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা। নির্দিষ্ট নিয়ম মেনে তাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হবে।
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, শুক্রবারই সমস্ত বিভাগকে নিয়ে একটি বৈঠক করা হয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে নেওয়া হয় তার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই প্রশ্নপত্র আমাদের জেলায় চলে এসেছে। গোপন স্ট্রংরুমে তা রাখা হয়েছে। সেখান থেকে সশস্ত্র পুলিস বাহিনী প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেবে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার তদারকি করবেন একজন ডব্লুবিসিএস অফিসার।