নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ থেকে ৩ ডিসেম্বর দিল্লির সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার শ্রমিক দিল্লিতে যোগ দেবেন। ট্রেন, বাস ও গাড়িতে দিল্লি যাবেন তাঁরা। এ জন্য এই রাজ্য থেকে প্রায় ট্রেনের ৮ হাজার টিকিট কেনা হয়েছে বলে খবর। এ সংখ্যা আরও বাড়বে বলে দাবি রাজ্য নেতৃত্বের। এর পাশাপাশি চলতি সপ্তাহে রাজ্যব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সিআইটিইউ। শনিবার সন্ধ্যায় কলকাতায় ৪টি মিছিলের ডাক দিয়েছে।
সিআইটিইউ রাজ্য সম্পাদক জিয়াউল আলম বলেন, ‘রাজ্যজুড়ে মিছিল, পথসভা, গেট মিটিংয়ের মাধ্যমে প্রচার চলবে। ইতিমধ্যেই প্রায় ৮ হাজার ট্রেনের টিকিট কাটা হয়েছে। দেশজুড়ে লক্ষাধিক শ্রমিক দিল্লির রাজপথে নামবেন।’ বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকরা নিজেদের দাবিদাওয়া নিয়ে সরব। সিআইটিইউ’র মূল দাবি, ন্যূনতম ৪২ হাজার টাকা বেতন ও ২১ হাজার টাকা পেনশন। শূন্যপদে নিয়োগ, শ্রম কোড বাতিল, সমকাজে সমবেতন প্রভৃতি। এর পাশাপাশি সিআইটিইউ নেতা সৌম্যজিত্ রজকের অভিযোগ, ‘ইতিমধ্যেই যাঁদের নামে দিল্লির বিভিন্ন হোটেল ওই তারিখে বুক করা হয়েছে, তাঁদের কাছে দিল্লি পুলিশের ফোন আসা শুরু হয়েছে। সে সময় কেন তাঁরা দিল্লিতে আসছেন, তা জানতে চাওয়া হচ্ছে। আবার ১ ডিসেম্বরের পূর্বা এক্সপ্রেস নিউ দিল্লি স্টেশনের বদলে শাকুরবস্তি স্টেশনে যাবে বলে মেসেজ এসেছে।’



