সংবাদদাতা, উলুবেড়িয়া: উদয়নারায়ণপুরের বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের পিয়ারাপুর গ্রামে জলের অভাবে চাষে সমস্যা হচ্ছিল। তিন ফসলি জমি এক ফসলিতে বদলে গিয়েছিল। সমস্যায় পড়েছিল কয়েক হাজার কৃষক পরিবার। সেই সমস্যা সমাধানে আটটি সৌরচালিত পাম্প বসানো হল। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান বিভাগের উদ্যোগে আরআইডিএফ প্রকল্পে এই কাজ হয়েছে। পাঁচ অশ্বশক্তি সম্পন্ন সৌরচালিত পাম্প সেট বসাতে খরচ হয়েছে ৭১ লক্ষ টাকা। এদিন পাম্প সেটগুলি উদ্বোধন করেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। তিনি জানান, সমস্যা সমাধানে পাম্প বসানো হল। এর ফলে প্রায় ৪০০ বিঘা জমিতে জল মিলবে। তিন হাজার কৃষক পরিবার উপকৃত হবে। গ্রামে পাম্প বসায় খুশি কৃষকরা। নিজস্ব চিত্র



