নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহরজুড়ে বেআইনি পার্কিংয়ের রমরমা। কোথাও পুরসভার নাম করে পার্কিংয়ের টাকা আদায়, কোথাও আবার স্থানীয় নেতাদের দৌরাত্ম্য। অথচ বৈধ পার্কিং জোনের অভাবে গাড়ি বা বাইক রাখার জায়গা খুঁজতে প্রতিদিনই নাজেহাল হতে হচ্ছে চালকদের। এই পরিস্থিতি বদলাতে এবার হাওড়া শহরে এই প্রথম আটটি বৈধ পার্কিং জোন চিহ্নিত করল পুরসভা। সেগুলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। ধাপে ধাপে বাড়বে আরও পার্কিং জোন। পুরসভার আশা, এর ফলে একদিকে যেমন বেআইনি পার্কিং ও তোলাবাজি বন্ধ করা সম্ভব হবে, অন্যদিকে বাড়বে পুরসভার রাজস্ব আদায়ও।
২০১৮ সালের পর থেকে হাওড়া শহরের প্রায় সর্বত্র একের পর এক অবৈধ পার্কিংয়ের জায়গা গড়ে উঠেছে বলে অভিযোগ। সেই পার্কিংগুলিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের একাংশের মদতে চলত টাকা আদায়। গত আট বছরে পুরসভার অধীনে কোথায় কোথায় বৈধ পার্কিং জোন রয়েছে, তার নির্দিষ্ট হিসাব কার্যত ছিল না। ফলে সমস্যায় পড়ছিলেন সাধারণ গাড়ির মালিকরা। পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা না থাকায় রাস্তার পাশে গাড়ি রাখতে হত তাঁদের। আর তা করলেই ট্রাফিক পুলিশের জরিমানার মুখে পড়তে হচ্ছিল। এমনকি, পার্কিংয়ের নির্দিষ্ট পরিকাঠামো না থাকার যুক্তিতে পুলিশের বিরুদ্ধে আদালতে পালটা মামলাও করেছেন কয়েকজন চালক। এই সমস্যার কথা মাথায় রেখে হাওড়া সিটি পুলিশ বৈধ পার্কিং জোন চিহ্নিত করার জন্য আবেদন করে পুরসভাকে। তার ভিত্তিতেই প্রথম দফায় আটটি জায়গা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, হাওড়া স্টেশন সংলগ্ন মুখারাম কানোরিয়া রোড ও ডবসন লেন, হাওড়া ময়দান সংলগ্ন নিত্যধন মুখার্জি রোড এবং উত্তর হাওড়ার কালী মজুমদার লেন, কৈলাসবাবু লেন, সালকিয়া স্কুল রোড এবং কিষাণলাল বর্মন রোড। এই পার্কিং জোনগুলি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হবে।
পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের অভিযোগ, ২০১৮ সালের আগে তৃণমূল নেতারা নিজেদের পছন্দের লোকজনকে পার্কিংয়ের টেন্ডার পাইয়ে দিতেন। ২০১৮ সালের পর সেই ব্যবস্থাও কার্যত উঠে যায়। সেই সুবাদে তৎকালীন আইএনটিটিইউসি জেলা সভাপতির নেতৃত্বে অবৈধ পার্কিং থেকে টাকা আদায় চলত।
উমেশ রাই জানান, ধাপে ধাপে পার্কিং জোনের সংখ্যা বাড়ানো হবে। হাওড়া এসি মার্কেট, হাওড়া কোর্ট ও হাওড়া ময়দানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পিপিপি মডেলে বহুতল পার্কিং তৈরির পরিকল্পনা চলছে। কোন পার্কিং জোনে কখন জায়গা ফাঁকা রয়েছে, তা অনলাইন অ্যাপের মাধ্যমে জানতে পারবেন চালকরা। পাশাপাশি, পুরসভার আয় বাড়াতে শহরের বিভিন্ন জায়গায় বাসস্টপ তৈরি করে সেখানে হোর্ডিং লাগানোর ব্যবস্থা করা হবে। সেগুলি বিভিন্ন সংস্থাকে ভাড়া দেওয়া হবে। শহরে বেআইনি হোর্ডিং সরিয়ে নতুন করে টেন্ডার ডাকার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।



