ভোপাল: মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার কোন্ডাবত গ্রাম। বৃহস্পতিবার গাঙ্গৌর উৎসবে মেতে উঠেছিলেন সবাই। কিন্তু প্রতিমা নিরঞ্জন দেওয়ার জন্য কুয়ো পরিষ্কার করতে নেমেই বিপত্তি। প্রথমে কুয়োয় পড়ে যান এক ব্যক্তি। আর তাঁকে বাঁচাতে গিয়ে ঝাঁপ দেন আরও সাতজন। কিন্তু কেউ বেঁচে ফেরেননি। ঘটনায় মোট আটজনের মৃত্যু হয়েছে।
গ্রামবাসীর কথায়, এই কুয়োর জল ব্যবহার করা হয় না। গ্রামে কোনও পুজো বা উৎসব হলে এখানে শুধু প্রতিমা নিরঞ্জন করা হয়। এদিন প্রথমে একজন কুয়ো পরিষ্কার করতে নামেন। কিন্তু দড়ি ছিঁড়ে কুয়োর মধ্যে পড়ে যান তিনি। জল-কাদা ও আবর্জনায় আটকে পড়ায় প্রাণপণ চেষ্টা করেও বের হতে পারেননি। এরপর তাঁকে বাঁচাতে কুয়োর মধ্যে একের পর এক আরও সাতজন লাফ দেন। কিন্তু কাদার মধ্যে তাঁরাও ফেঁসে যান। তড়িঘড়ি পুলিসে খবর দেয় গ্রামবাসী। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। কাদা ও আবর্জনা ঠেলে তাঁদের কাছে পৌঁছতে কয়েক ঘণ্টা লেগে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। মৃত্যু হয় আটজনেরই। পরে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিসের প্রাথমিক অনুমান, কুয়োয় একাধিক বিষাক্ত গ্যাস থাকতে পারে। এর জেরে শ্বাস নিতে সমস্যা হয় তাঁদের। দমবন্ধ হয়ে মৃত্যু হয়। ঘটনায় শোকপ্রকাশ করেছেন জেলাশাসক ঋষভ গুপ্তা। তিনি জানান, মৃতদের পরিবারের হাতে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।