Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চ সংস্কারে বরাদ্দ ৮ কোটি টাকা

বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চ সংস্কারে বরাদ্দ ৮ কোটি টাকা
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের নন্দন হিসেবে পরিচিত সংস্কৃতি লোকমঞ্চ। সারা বছরই এখানে অনুষ্ঠান হয়ে থাকে। সিনেমা, নাটক সহ-সংস্কৃতি জগতের সমস্ত অনুষ্ঠান মঞ্চস্থ হয় এখানেই। সেই কারণে হলটি আধুনিক মানের গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় আট কোটি টাকা খরচ করে হলটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ। কিছুদিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত হয়েছে। বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সংস্কৃতি লোকমঞ্চ ঘিরে বর্ধমানের বাসিন্দাদের আবেগ রয়েছে। সেটি আধুনিকমানের করার জন্যই মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, হলে উন্নতমানের চেয়ার বসানো হবে। এছাড়াও আলো এবং  সাউন্ড সিস্টেমও আধুনিক মানের করা হবে। হলের ভিতরে কারুকার্য চোখ ধাঁধানো করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন বড় অনুষ্ঠান এই হলে হয়। হলের বাতানুকূল ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না। সেজন্য সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠান করতে গিয়ে উদ্যোক্তাদের বিপাকে পড়তে হয়েছিল। সেই কারণেই তড়িঘড়ি হল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
শহরের টাউনহল সংস্কারে কাজও শুরু হয়েছে। বর্ধমান পুরসভা এই কাজ করছে। এই টাউন হলের গুরুত্ব জেলার বাসিন্দাদের কাছে কম নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব এখানে এসেছিলেন। এই হল সংস্কারের দাবিও শহরের বাসিন্দারা বহুদিন ধরে করে আসছিলেন। শেষমেশ কাজ শুরু হওয়ার খবরে তাঁরা খুশি। তাঁদের দাবি, সংস্কৃতি লোকমঞ্চ সংস্কারের কাজও আরও অনেক আগেই করা দরকার ছিল। বিভিন্ন নামী সংস্থা এখানে অনুষ্ঠান করে। অনুষ্ঠান চলাকালীন মাঝপথে তাদের সমস্যায় পড়তে হয়েছে।প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, এই হলটি সংস্কারের কাজ  করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। কিন্তু, বিভিন্ন কারণে কাজে গতি আসেনি। এখন দ্রুত কাজ শুরু করার জন্য জেলা পরিষদ কোমর বেঁধে ময়দানে নেমেছে। 
এক আধিকারিক বলেন, বড় কোনও অনুষ্ঠানের জন্য এই হল ভাড়া দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনও সময় অঘটন ঘটতে পারে। আবার বেশিদিন হল বন্ধও রাখা যাবে না। সেজন্য দ্রুত টেন্ডার করে সংস্কারের কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজের রূপরেখা তৈরি হয়ে আছে। কাজ শুরু করার আগে বিশিষ্টজনদের মতামত নেওয়া হবে। সভাধিপতি বলেন, সংস্কৃতি লোকমঞ্চ ছাড়াও জেলার আরও কয়েকটি হল সংস্কার করা হবে। সেগুলির জন্যও টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। তবে সবার আগে আমরা সংস্কৃতি লোকমঞ্চের কাজ শেষ করতে চাইছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ