সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাটে দু’ বছর ধরে পুরসভায় অচলাবস্থা ছিল। ‘বোর্ড অব কাউন্সিলার’-এর বৈঠকে যোগ দিচ্ছিলেন না সিংহভাগ কাউন্সিলারই। কয়েকদিন আগে ১১ জন কাউন্সিলার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। যদিও কয়েকদিন আগে তা তুলেও নেন। কিন্তু তা সত্ত্বেও মঙ্গলবার বোর্ড মিটিংতে যোগ দিলেন না ৮ কাউন্সিলার। এ নিয়ে শহরে ফের চর্চা শুরু হয়েছে। চেয়ারম্যান প্রদীপ রায় বলেছেন, আমি সকলকেই বলেছি বোর্ড মিটিংয়ে আসার জন্য। তবে এদিন ১৪ জনের মধ্যে আমাকে নিয়ে ৬ জন উপস্থিত ছিলেন। বাকি ৮ জন পরবর্তী বোর্ড মিটিংতে যোগ দেবেন বলে জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কাউন্সিলাররা বোর্ড মিটিংয়ে না আসায় উন্নয়নের কাজ অনেকটাই পিছিয়ে গেল। দু’ বছরে ৪৫টি বিওসি বৈঠক ডাকা হলেও কয়েকটি ছাড়া বেশির ভাগ বৈঠকেই যোগ দেননি কাউন্সিলাররা। এদিনও ৮ কাউন্সিলার অনুপস্থিত ছিলেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এদিন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার খোদ চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি ৪ নম্বর ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান, ৩, ৫, ৭ ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলাররা হাজির ছিলেন। ভাইস চেয়ারম্যান ফোন না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। বাকিদেরও ফোনে পাওয়া যায়নি।
বর্তমান চেয়ারম্যান প্রদীপ রায় ২০০৫ সাল থেকেই সিপিএমের কাউন্সিলার ছিলেন। ২০১৮ সালে তিনি তৃণমূলে যোগ দেন। ২০২২ সালে পুর ভোটে তৃণমূল ১৪টি ওয়ার্ডেই জয়ী হয়। তারপর ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিশিরকুমার মণ্ডল দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান হন। কিন্তু ওই বছরেই নভেম্বর মাসে শিশিরবাবুরএকটি ভিডিও ভাইরাল হয়। যার জেরে দলীয় নির্দেশে শিশিরবাবু চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। ৭ নভেম্বর চেয়ারম্যান পদে বসেন প্রদীপকুমার রায়। তারপর লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল পরিচালিত দাঁইহাট পুরসভায় অচলাবস্থা শুরু হয়েছিল। ভোটের আগে ও পরে অধিকাংশ বৈঠকে যোগ দিচ্ছিলেন না ১১ কাউন্সিলার। তাঁরা চেয়ারম্যানকে সরানোর দাবিতে সরব হচ্ছিলেন। এমনকী এই দাবিতে তাঁরা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠিও দেন। তাঁদের সাফ বক্তব্য ছিল, যতক্ষণ না বর্তমান চেয়ারম্যান অপসারিত হয়, ততক্ষণ কেউই বোর্ড মিটিংয়ে যোগ দেবেন না। বেশ কয়েক বার জেলা ও রাজ্য নেতৃত্ব সমাধান সূত্র বের করার চেষ্টা করলেও বরফ গলেনি। তবে কয়েকদিন আগে মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্ব বর্ধমানের জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অনাস্থা তুলে নেন কাউন্সিলাররা। তারপরেও এদিন বৈঠকে গরহাজির ৮ কাউন্সিলার। দাঁইহাট পুরসভায় বোর্ড মিটিং।-নিজস্ব চিত্র