Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৭৬, ৮১, ৫৭... দমদমে হ্যাটট্রিক কালবৈশাখীর!, আজ থেকে বাড়তে পারে অস্বস্তিকর গরম

পরপর তিনদিন কালবৈশাখীর ঝড় আছড়ে পড়েছে দমদমে। আর কলকাতা কালবৈশাখী পেয়েছে মাত্র একদিন। অর্থাৎ দমদমে হ্যাটট্রিক।

৭৬, ৮১, ৫৭... দমদমে হ্যাটট্রিক কালবৈশাখীর!, আজ থেকে বাড়তে পারে অস্বস্তিকর গরম
  • ১০ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরপর তিনদিন কালবৈশাখীর ঝড় আছড়ে পড়েছে দমদমে। আর কলকাতা কালবৈশাখী পেয়েছে মাত্র একদিন। অর্থাৎ দমদমে হ্যাটট্রিক। আর চলতি মরশুমে এখনও পিছিয়ে কলকাতা।

Advertisement

সোমবার ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৬ কিমি। মঙ্গলবার বেড়ে ৮১ কিমি হয়। বুধবার ৫৭ কিমি বেগে বয়ে গিয়েছে কালবৈশাখী। দমদমে হাওয়া অফিসের যন্ত্রে এই হ্যাটট্রিক ফিগার ধরা পড়েছে। অন্যদিকে কলকাতায় কালবৈশাখীর ঝড় হয় শুধুমাত্র সোমবার। ৬৩ কিমি বেগে বয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, আজ, শুক্রবার থেকে ঝড় ও বৃষ্টি কমবে। ফলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। 
গত তিনদিনের ঝড়-বৃষ্টিতে গরমের হাত থেকে মুক্তি পেয়ে স্বস্তি পেয়েছিল শহর ও শহরতলি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কলকাতা ও লাগোয়া অঞ্চলে আকাশ ছিল মেঘে ঢাকা। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করে বজ্রগর্ভ মেঘ তৈরি করেছিল। তা থেকেই ঝড়-বৃষ্টি হয়েছে। এছাড়া বুধবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও পড়েছিল। ফলে বৃহস্পতিবার আকাশ ছিল মেঘলা ও বৃষ্টিপাত হয়। বুধবার সন্ধ্যাতেও ঝড়ের দাপট ছিল। দমদম, সল্টলেক সহ আশপাশ এলাকায় ঝড়ের দাপট উপভোগ করে মানুষ। কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস বলেন, ‘বজ্রমেঘের চরিত্র খুব স্বল্প দূরত্বে পাল্টে যায়। কয়েক কিলোমিটার অন্তর ঝড়ের গতিবেগ বদলায়। কমবেশি হয়। দমদম ছাড়াও কলকাতা এবং লাগোয়া এলাকা ও জেলার অনেক জায়গায় জোরালো ঝড় হয়েছে। সব জায়গায় গতিবেগ মাপার ব্যবস্থা নেই। তাই হাওয়ার গতিবেগ মাপা যায়নি।’
তবে বৃষ্টির কারণে গরম গিয়েছে কমে। কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৮.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি কম। আজ, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে। তা ৩০ ডিগ্রির আশপাশে চলে আসার সম্ভাবনা। তারপর তাপমাত্রা আরও বাড়বে। পাশাপাশি ঝড়-বৃষ্টির প্রভাব কয়েকদিন কিছুটা থাকবে। দু-তিন দিন পর গরম আরও বাড়বে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছোঁবে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি। ১৩ এপ্রিল থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অস্বস্তিজনক গরম ‘হট অ্যান্ড হিউমিড’ পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে নদীয়ার কল্যাণীতে সবথেকে বেশি (৫১ মিমি) বৃষ্টিপাত হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনার কয়েকটি জায়গায় প্রায় ৫০ থেকে ৩০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়। কলকাতার আলিপুরে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় ২৫ মিমি বৃষ্টি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ