নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাজনৈতিক খুন হওয়া পরিবারের একজনকে চাকরি দেবে সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থা পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের। ২০০৬ সাল থেকে এই জেলায় ৭২জন সিপিএম নেতা-কর্মী খুন হয়েছেন বলে নিমতৌড়ির জেলা সিপিএম পার্টি অফিসের নোটবুকে লিপিবদ্ধ। খুন হওয়া পরিবারের সদস্যরা সরকারি চাকরির এই বিজ্ঞপ্তি দেখে স্থানীয় সিপিএম নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন। দল করতে গিয়ে জীবন দেওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের এই চাকরি পাওয়া জরুরি, তা স্বীকারও করছে নেতৃত্ব। আবার, প্রকাশ্যে এনিয়ে তদ্বির করতেও কুণ্ঠাবোধ করছেন।
সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, ২০০৬সাল থেকে এখনও পর্যন্ত এই জেলায় আমাদের ৭২জন নেতা-কর্মী খুন হয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা শুনতে খুব ভাল লাগে। কিন্তু, সেই ঘোষণা কার্যকর করার সময় চূড়ান্ত স্বজনপোষণ হয়। আবাস যোজনা থেকে অন্নপূর্ণা সবেতেই আমরা এটা লক্ষ্য করেছি। আর, রাজনৈতিক খুন হওয়া পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার ঘোষণা আসলে বিজেপি কর্মীর পরিবারকে লক্ষ্য করেই। শুধুমাত্র বিজেপির সঙ্গে যুক্ত থাকা পরিবার এই সুবিধা পাবে। এবিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি।
উল্লেখ্য, ২০০৭সালে নন্দীগ্রাম জমি আন্দোলনের উত্তাল মুহূর্তে দু’পক্ষের অনেকে খুনোখুনি হয়েছেন। নন্দীগ্রাম ও খেজুরির মাটি রক্তে লাল হয়ে গিয়েছিল। সেইসময় নন্দীগ্রামে সিপিএমের ৪৭জন এবং খেজুরিতে আরও ১৬জন খুন হয়েছেন বলে নেতৃত্বের দাবি। শুধু কর্মী কিংবা সমর্থক নন, নেতাদেরও প্রাণ গিয়েছে। যেমন, নন্দীগ্রাম-১ ব্লকের কেন্দামারির নিরঞ্জন মণ্ডল লোকাল কমিটির সম্পাদক ছিলেন। আবার, খেজুরির কটারি গ্রামের মানস মণ্ডল লোকাল কমিটির সদস্য ও পার্শ্বশিক্ষক ছিলেন। এভাবেই হলুদবাড়ির তুষার সাউ, শেরখাঁচকের মহাদেব মণ্ডল, পানখাই গ্রামের বাপন পাত্র সহ অনেকের মৃত্যু হয়েছে। নন্দীগ্রাম জমি আন্দোলনে সংঘর্ষের মুহূর্তে সিপিএম কর্মীদেরও প্রাণহানি হয়েছে। এছাড়াও কাঁথি, পাঁশকুড়া সহ বিভিন্ন জায়গায় দলের কয়েকজন কর্মী খুন হয়েছেন। সবমিলিয়ে সংখ্যাটা ৭২।
২০০৭ সালে ৭নভেম্বর খুন হয়েছিলেন তুষার সাউ। রবিবার তুষারবাবুর ছেলে অতীশ দীপঙ্কর সাউ খেজুরির কুঞ্জপুরে সিপিএম পার্টি অফিসে এরিয়া সম্পাদক তথা জেলা কমিটির সদস্য রত্নেশ্বর দোলইয়ের কাছে গিয়েছিলেন। কীভাবে আবেদন করবেন, কোথায় যাবেন এনিয়ে খোঁজখবর নেন। আপাতত দল এনিয়ে কোনোরকম উদ্যোগী হচ্ছে না। মৃতদের পরিবারের সদস্যদের থানায় গিয়ে যোগাযোগ করার পরামর্শ দিয়ে দায় এড়িয়ে যাচ্ছেন দলের নেতারা। অতীশ দীপঙ্কর বলেন, আমি গাড়ি চালিয়ে সংসার চালাই। একটা চাকরি পেলে পরিবারের পাশে দাঁড়াতে পারতাম। শেষ পর্যন্ত কী হবে জানি না।
গত ১৭নভেম্বর থেকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক অফিসে রাজনৈতিক খুন হওয়া পরিবারের সদস্যদের আবেদন নেওয়া হচ্ছে। আগামী ৭ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা করা যাবে। ২০০১সালের পর পূর্ব মেদিনীপুর জেলায় দুই শতাধিক রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। তারমধ্যে তৃণমূল ও সিপিএম কর্মীদের সংখ্যা বেশি। তৃণমূল কর্মী-সমর্থক খুন হওয়া বেশকিছু পরিবারের সদস্যদের হোমগার্ডে চাকরি দিয়েছে পূর্বতন সরকার। আবার, নন্দীগ্রামের জমি আন্দোলনে খুন হওয়া তৃণমূল কিংবা পরবর্তীতে বিজেপির সংস্পর্শে আসা কিছু পরিবারের লোকজন অ্যাটেনডেন্টের সরকারি চাকরি পেয়েছেন। বরং খুন হওয়া সিপিএম নেতা-কর্মীদের পরিবারের লোকজন সেভাবে সরকারি পুনর্বাসন পাননি।



