


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবারের তুলনায় এই বিধানসভা ভোটে অধিকসংখ্যক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আদালতে বিচারাধীন ফৌজদারি মামলা রয়েছে। প্রার্থীদের মনোনয়পত্রের সঙ্গে প্রদত্ত হলফনামাগুলি বিশ্লেষণ করে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ যে রিপোর্ট প্রকাশ করেছে, তার থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। ২০২১ সালে বিজেপির ২৯৩ জন প্রার্থীর হলফনামা থেকে জানা গিয়েছিল ১৬৮ জনের বিরুদ্ধে (৫৭ শতাংশ) ফৌজদারি মামলা আছে। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০৮ (৭১ শতাংশ)। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার সংখ্যা আগের বারের তুলনায় কমেছে। গতবার ১১৮ জনের বিরুদ্ধে মামলা ছিল (৪১ শতাংশ)। এবার তা হয়েছে ১১২ (৩৯ শতাংশ)। সিপিএম প্রার্থীদের বিরুদ্ধেও মামলা ৮১ থেকে বেড়ে ৯৪ হয়েছে। কংগ্রেস গতবারের তুলনায় অনেক বেশি প্রার্থী দিয়েছে। মামলা থাকা প্রার্থীর সংখ্যা ৩৫ থেকে বেড়ে ৭৬ হয়েছে। কিন্ত শতাংশের নিরিখে তা একটু কমেছে।
এবারে মোট ১৮৫ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা, ৩৫ জনের বিরুদ্ধে খুনের মামলা, ১৯২ জনের বিরুদ্ধে মহিলাঘটিত অপরাধের মামলা বিচারাধীন। ধর্ষণের মামলা আছে আটজন প্রার্থীর বিরুদ্ধে। প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধেও এসব গুরুতর অভিযোগের কেস আছে। রিপোর্টে বলা হয়েছে, বিজেপির ৬৯ জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা, দশজনের বিরুদ্ধে খুনের মামলা এবং ৭৭ জনের বিরুদ্ধে মহিলাঘটিত অপরাধের মামলা আছে। তিনটি অপরাধের ক্ষেত্রেই সব দলের প্রার্থীদের তুলনায় বিজেপি প্রার্থীরা সংখ্যার নিরিখে এক নম্বরে আছেন। তৃণমূল কংগ্রেসের ২৪ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা, নয়জনের বিরুদ্ধে খুনের মামলা, ২১ জনের বিরুদ্ধে মহিলাসংক্রান্ত মামলা (এর মধ্যে দুজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা) আছে। সিপিএমের ২২ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা, ছয়জনের বিরুদ্ধে খুনের এবং ২২ জনের বিরুদ্ধে মহিলাঘটিত অপরাধের মামলা আছে। কংগ্রেসের প্রার্থীদের ক্ষেত্রে এসব মামলার সংখ্যা যথাক্রমে ১৫, ২ ও ১৪। কংগ্রেসের একজন প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে।
রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, সব বড়ো রাজনৈতিক দলে কোটিপতি বা তারও অধিক সম্পদশালী প্রার্থীর সংখ্যা গত ভোটের তুলনায় বেড়েছে। গতবার তৃণমূলের ১৭৬ জন প্রার্থী (৬১ শতাংশ) কোটিপতি ছিলেন। এবার তা হয়েছে ২০৯ (৭২ শতাংশ)। বিজেপির ক্ষেত্রে তা ১০২ জন (৩৫ শতাংশ) থেকে বেড়ে ১৪৩ জন (৪৯ শতাংশ) হয়েছে। সিপিএমের হয়েছে ১২ জন (৯ শতাংশ) থেকে ৫৭ জন (২৯ শতাংশ)। কংগ্রেসের কোটিপতি প্রার্থী ৩০ জন থেকে ৮৬ জন হয়েছে। যদিও কংগ্রেস গতবারের তুলনায় এবার অনেক বেশি প্রার্থী দেওয়ায় শতাংশের হিসাবে তা সামান্য কমেছে। ২০২১ সালে প্রার্থীদের গড় সম্পদ ছিল ৯১.৬৯ লক্ষ টাকা। এবার তা বেড়ে হয়েছে ১.২৭ কোটি টাকা। এবার তৃণমূল প্রার্থীদের গড় সম্পদ ৫.৩৯ কোটি টাকা, বিজেপির ২.৯১ কোটি টাকা, কংগ্রেসের ১.৫৬ কোটি টাকা এবং সিপিএমের ১.০৭ কোটি টাকা। গতবারের যেসব বিধায়ক এবারও প্রার্থী হয়েছেন দল নির্বিশেষে তাঁদের সবারই সম্পদ অনেকটাই বৃদ্ধি হয়েছে। বিজেপি বিধায়কদের গড় বৃদ্ধি ৮৪.৭৯ শতাংশ। তৃণমূল বিধায়কদের তা ৬৪.৩৩ শতাংশ। আইএসএফের একমাত্র বিধায়কের সম্পদ বেড়েছে ১৫১.৬৬ শতাংশ। ২০২ জন বিধায়ক আবার প্রার্থী হয়েছেন। তাঁদের গড় সম্পদ আগের ভোটের সময় ২.৯০ কোটি টাকা ছিল। এবার তা বেড়ে ৪.৬৪ কোটি টাকা হয়েছে।