নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মাসখানেক আগে নিউটাউনে ১০টি পথকুকুরকে বিষ খাইয়ে মারার চেষ্টা হয়েছিল। তার ফলে মৃত্যু হয়েছিল চারটির। এবার আরও নির্মম ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়। বিষ্ণুপুরে সাতটি কুকুরছানাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। শুক্রবার ঘটনাটি ঘটেছে কন্যা নগর অঞ্চলে।
একটি ক্লাবঘরের একতলায় বাসা ছিল কুকুরছানাগুলির। অভিযোগ, শুক্রবার সকালে তাদের ক্ষতবিক্ষত শরীর পড়ে থাকতে দেখেন কয়েকজন। একটি পূর্ণবয়স্ক কুকুরকেও মারা হয়েছে। সেটি আহত। এই অমানবিক ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পুষ্পিতা কর্মকার (দাস) নামে এক পশুপ্রেমী। তিনি পুলিসে অভিযোগও দায়ের করেছেন। পুষ্পিতাদেবী বলেন, ‘কুকুরছানাগুলির বয়স সবে এক মাস হয়েছে। তাদের দেখভালের জন্য ক্লাবের একটি জায়গায় থাকতে দেওয়া হয়েছিল। শুক্রবার ওদের খাবার ও ওষুধ দিতে গিয়ে দেখে চমকে উঠি। মেরে বাচ্চাগুলির মাথা ফাটিয়ে দিয়ে খুন করেছে।’
তদন্ত শুরু করেছে পুলিস। কুকুরগুলির ময়নাতদন্ত করা হবে বলে ঠিক হয়েছে। এই ব্লকের প্রাণী উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার করা হয়েছে দেহ। কে বা কারা এমন কাণ্ড ঘটালো তার জন্য আশপাশে থাকা সিসি ক্যামেরা দেখছে পুলিস। ক্লাব কর্তৃপক্ষ ঘটনার বিষয়টি নিয়ে অন্ধকারে। কে বা কারা এমন নৃশংস ঘটনা ঘটালো তা নিয়ে তদন্ত দাবি করেছে। ডায়মন্ড হারবার পুলিস জেলার এক আধিকারিক বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করে এফআইআর করা হয়েছে। তদন্ত চলছে।