বিশাখাপত্তনম: ভোর ৩টে ১৫। অন্ধ্রপ্রদেশের সিমাহাতলমের শ্রীবরাহ লক্ষ্মীনারায়ণ স্বামী মন্দিরে চন্দন উৎসবে যোগ দিতে প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ। আচমকাই ভেঙে পড়ল দেওয়াল। ঘটনাস্থলে প্রাণ হারালেন সাতজন। সূত্রের খবর, জখমদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। যদিও সরকারের তরফে তা নিশ্চিত করা হয়নি। পুলিস জানিয়েছে, বুধবার ভোরে ভিড়ে ঠাসা ওই মন্দিরে হঠাৎই প্রবেশদ্বার সংলগ্ন একটি দেওয়াল ভেঙে পড়ে। সপ্তাহখানের আগে ওই দেওয়ালটি সংস্কার করা হয়েছিল। অনুমান, গত রাতে প্রবল বৃষ্টির পর দেওয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও। রাজ্যের তরফে মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে। এছাড়া জখমদের চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকা দেওয়া হবে।



