Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগর এবং লালগোলা থেকে আটক ৭ বাংলাদেশি

পৃথক অভিযানে রানিনগর ও লালগোলা থেকে সাতজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল পুলিশ।

রানিনগর এবং লালগোলা থেকে আটক ৭ বাংলাদেশি
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: পৃথক অভিযানে রানিনগর ও লালগোলা থেকে সাতজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার রাতে কয়েকঘণ্টার ব্যবধানে তাদের আটক করা হয়। ধৃতদের মধ্যে রানিনগরের দু’জন প্রায় ২০বছর ধরে ভারতে স্থায়ীভাবে বসবাস করছে। বাকি পাঁচজনকে বাংলাদেশে ফেরার আগে লালগোলা থেকে পাকড়াও করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সূত্র মারফত খবর পেয়ে রানিনগরের রাধাগোবিন্দপুরে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে মিলন শেখ ও শুকুর আলি নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার চর খানপুর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় দু’দশক আগে পৃথক সময়ে চোরাপথে এই দু’জন ভারতে ঢুকেছিল। রানিনগরের রাধাগোবিন্দপুরে বাড়ি বানিয়ে তারা বসবাস শুরু করে। পরে স্থানীয় মহিলাদের বিয়ে করে সেখানেই সংসার পাতে। অভিযোগ, নিজেদের বাংলাদেশি পরিচয় গোপন করতে এলাকার ব্যক্তিদের বাবা সাজিয়ে একাধিক ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিল তারা। নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে। ধৃতদের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। পরে তাদের লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। একই রাতে লালগোলা থানার পণ্ডিতপুরের আমবাগান থেকে আরও পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। ধৃতদের নাম আলামিন, মহম্মদ সাদ্দাম হোসেন, মহম্মদ আসামউদ্দিন, আমিনুল শেখ ও মহম্মদ কায়েম। তারা প্রত্যেকেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সপ্তাহখানেক আগে এরা ভারতে অনুপ্রবেশ করেছিল। এলাকায় কাজ না পাওয়ায় ফের বাংলাদেশে ফিরে যাওয়ার ছক কষেছিল। সেই উদ্দেশ্যেই সীমান্তবর্তী পণ্ডিতপুরের আমবাগানে জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নথিপত্র, তারা কীভাবে ভারতে ঢুকেছে-সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তাদের লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ