মুম্বই: ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে ফের সরব ক্রিকেটমহল। এর আগে সুনীল গাভাসকর, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকররা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়ে জেলে বন্দি থাকা ইমরানের যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছিলেন। এবার বিশ্বকাপজয়ী পাক অধিনায়কের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ৭ অধিনায়ক। তাঁরা হলেন যথাক্রমে গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, বেলিন্ডা ক্লার্ক, কিম হিউজ, মার্ক টেলর ও স্টিভ ওয়া। অস্ট্রেলিয়ার সরকার যেন ইমরানের নিরাপত্তা ও চিকিৎসার জন্য পাক সরকারের উপর কূটনৈতিক পর্যায়ে চাপ বাড়ায়, এটাই চাইছেন তাঁরা। চ্যাপেল, বর্ডারের সাফ বক্তব্য, তাঁরা রাজনৈতিক অবস্থান নিচ্ছেন না। ইমরান দোষী কি না. সেই বিচারেও তাঁদের আগ্রহ নেই। শুধু জেলবন্দি অবস্থায় ৭৩ বছর বয়সি প্রাক্তন অলরাউন্ডার যাতে ন্যূনতম মানবিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটাই নিশ্চিত করতে চান তাঁরা। সম্প্রতি ইমরানের দুই পুত্র ও বোন তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও আনেন অভিযোগ।



