Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আয়ুষ্মান ভারতের জন্য ৬৭ শর্ত, নার্সিংহোম নিয়ে চিন্তায় প্রশাসন

আয়ুষ্মান ভারতের জন্য ৬৭ শর্ত, নার্সিংহোম নিয়ে চিন্তায় প্রশাসন
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সন্দীপন দত্ত, মালদহ: মালদহে আয়ুষ্মান ভারত প্রকল্পের রূপায়ণ নিয়ে স্বাস্থ্যকর্তাদের কপালে চিন্তার ভাঁজ। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অধিকাংশ নার্সিংহোম কর্তৃপক্ষই স্বাস্থ্যবিধি মেনে চলে না বলে অভিযোগ স্বাস্থ্যকর্তাদের। যার বড়ো প্রমাণ, মাঝেমধ্যে অভিযানে গিয়ে নার্সিংহোম সিল করে দেওয়া। তদন্ত করে গত এক বছরে জেলার নার্সিংহোমগুলি থেকে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় হয়েছে। এই তথ্যই বলে দিচ্ছে অনিয়মের বহর কতটা।

Advertisement

স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, আয়ুষ্মান ভারতে কড়াকড়ি অনেক বেশি। সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে মেনে তালিকাভুক্ত করতে গেলে প্রায় ৫০ শতাংশ নার্সিংহোমই প্রকল্পের বাইরে থেকে যাবে। পূর্বতন সরকারের সময়ে বহু নার্সিংহোম হয়েছে মালদহ জেলাজুড়ে। বড়ো, ছোটো মিলিয়ে সেই সংখ্যা প্রায় ১১০টি। বিভিন্ন গাফিলতি, নিয়ম না মানায় এর মধ্যে ৩০টি বন্ধ করে দিয়েছে প্রশাসন। জেলার ৯৪টি নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে গিয়ে বারবার চিকিৎসায় গাফিলতির ঘটনা সামনে এসেছে। যার ফলে কিছু নার্সিংহোম বন্ধ করে দেয় প্রশাসন। গত মাস পর্যন্ত জেলার ৮৪টি নার্সিংহোম স্বাস্থ্যসাথীর আওতাধীন ছিল। কিন্তু ৫৫টিতে এই স্বাস্থ্য প্রকল্পের অধীনে চিকিৎসা হয়।
জেলা স্বাস্থ্যদপ্তরের এক পদস্থ কর্তা জানান, এতদিন অধিকাংশ নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল। বিজেপি সরকার গঠনের পর আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে চলেছে। কিন্তু সমস্যা হল, স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে নার্সিংহোমগুলির জন্য শর্ত ছিল মাত্র পাঁচটি। স্বচ্ছতা বজায় রাখা এবং ভালো পরিষেবার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে নার্সিংহোমগুলিকে ৬৭টি শর্ত দেওয়া হয়েছে। ওই স্বাস্থ্যকর্তার কথায়, আমরা যদি প্রত্যেকটি শর্ত যাচাই করার পর নার্সিংহোমগুলিকে আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত করতে শুরু করি, তাহলে মালদহ জেলায় দেখা যাবে ৫০ শতাংশের বেশি নার্সিংহোম প্রকল্পের বাইরে থেকে যাচ্ছে। 
এনিয়ে প্রশাসনের সঙ্গে স্বাস্থ্যদপ্তরের একাধিকবার বৈঠক হলেও সমাধান সূত্র মেলেনি বলেই এক স্বাস্থ্যকর্তার দাবি। প্রশাসনের একাংশ বলছে, মালদহের যে সমস্ত নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত ছিল, সেগুলিকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে রাখা হোক। কিন্তু স্বাস্থ্যকর্তারা সেই ঝুঁকি নিতে নারাজ। তাঁদের দাবি, ৬৭টি শর্ত না পূরণ না হওয়া সত্ত্বেও নার্সিংহোমগুলিকে নয়া প্রকল্পের অন্তর্ভুক্ত করলে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হবে। সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো তদন্ত হলে অনিয়মের সম্পূর্ণ দায় চলে আসবে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্তার ঘাড়েই। কারণ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট বা সিই লাইসেন্স ইস্যু করে থাকেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

সম্পর্কিত সংবাদ