নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ্য ছিল রাজ্যে শিল্প-খরা কাটানো। কিন্তু সেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজনেই হয়েছে ব্যাপক দুর্নীতি। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিঁধে তাঁর দাবি, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে এই সম্মেলন আয়োজনে ৬৩৫ কোটি টাকা দেওয়া হয়েছে। তাঁর পকেটে এ সংক্রান্ত কাগজপত্র রয়েছে বলে জানান শুভেন্দুবাবু। প্রশ্ন তোলেন লগ্নি আনার নামে সাধারণ মানুষের করের টাকার বেলাগাম খরচে এমন মোচ্ছব আয়োজনের যৌক্তিকতা নিয়েও। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রয়োজনে ইডির হাতে এই কেস তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
রাজ্যের প্রাক্তন শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্রের পৌরোহিত্যে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পপতিদের নিয়ে এই বাণিজ্য সম্মেলন হতো। মমতার মন্ত্রিসভার সদস্য হওয়ার আগে বণিকসভা ফিকির মহাসচিব পদে ছিলেন অমিতবাবু। সেই সূত্রে শিল্পমেলার যাবতীয় দায়িত্ব তাঁরই ছিল। সেই সময় বিরোধী দল বিজেপির অভিযোগ ছিল, একগুছ সম্মেলন করেও বাংলার ভাগ্যে বড়ো বিনিয়োগ জোটেনি। এবার সেই বাণিজ্য সম্মেলন আয়োজনে বিপুল পরিমাণ অর্থ অপচয়ের মূল মাথার খোঁজে নামছে রাজ্যের বিজেপি সরকার।
আগের সরকারের মতো সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু শিল্পপতির সৌজন্য সাক্ষাৎকে বড়ো করে প্রচারের পক্ষপাতী নন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘শিল্পপতিদের সঙ্গে ফুল হাতে ফোটোসেশন করতে চাই না। আমরা আগে দেখে নিতে চাই যাঁরা আসছেন, সেই শিল্পগোষ্ঠী প্রকৃত অর্থেই বাংলায় বিনিয়োগ করতে চায় কি না। পাশাপাশি সেই সংস্থার ব্যাংক জালিয়াতি, জমি কেলেঙ্কারি কিংবা আর্থিক তছরুপের ইতিহাস রয়েছে কি না, তা দেখা হবে।’ শিল্প করব বলে জমি নিয়ে ফেলে রাখার বিষয়টিও যাচাই করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।