নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ মানুষ নিজের সমস্যা যাতে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন সেই জন্যই ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী শুরু করেছিলেন জনতার দরবার। এই জনতার দরবার কর্মসূচির আজ ছিল অষ্টম দিন। এদিন জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রয়াত আইপিএস অফিসার পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রানী দত্ত। অভিযোগ আর জি কর কান্ডের পর পঙ্কজ দত্তের বক্তব্যকে কেন্দ্র করে তাকে হেনস্তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বড়তলা থানায় ডেকে তাকে দিনের পর দিন হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপরই মানসিকভাবে ভেঙে পড়া পঙ্কজ বাবুর সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয়। ক্ষমতায় এসে সেই সময়ের বড়তলা থানার আইসি এবং আই ওকে সাসপেন্ড করে বর্তমান সরকার। নতুন করে এই ঘটনা নিয়ে আরও একটি এফআইআর করেছেন পঙ্কজ দত্তের স্ত্রী। আজ জনতার দরবারে এসেছিলেন তিনিও।



