নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোয় চোরবাগানের মতো ফের অঘটন ঘটলে তার দায় বর্তাবে স্থানীয় থানার ওসির উপর! শুক্রবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইনসে কালীপুজোর মিটিংয়ে বাহিনীকে এই কড়া বার্তাই দিলেন সিপি অজয় নন্দা। বাহিনীর নীচুতলাকে বারবার এভাবেই বলির পাঁঠা করা হয় বলে অভিযোগ। শীর্ষকর্তাদের এই প্রবণতায় রীতিমতো ক্ষুব্ধ কলকাতার বেশিরভাগ থানার ওসি।
উল্লেখ্য, চোরবাগানে সপ্তমীর রাতে
পুজো প্যান্ডেলে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় ডিসি (সেন্ট্রাল), যুগ্ম কমিশনার (সদর) এবং সিপির মতো শীর্ষকর্তাদের
কারও এখনো শাস্তি হয়নি। কিন্তু গিরিশ পার্ক থানার ওসিকে ‘ছুটিতে’ পাঠায় লালবাজার, যা ‘সরিয়ে’ দেওয়ারই নামান্তর। অথচ, চোরবাগানে বিপর্যয় চলাকালেই মধ্য কলকাতার এক থানায় বার্থ ডে পার্টিতে কেক কাটছিলেন ওই ডিভিশনের এক ডিসি! অথচ, ডিসি (সেন্ট্রাল), যুগ্ম কমিশনার (সদর) এবং সিপির
প্যান্ডেল পরিদর্শনের পরই মাত্র দুজন ইনস্পেক্টরের নেতৃত্বে মাত্র ২৬ জন পুলিশ মোতায়েন করেছিল লালবাজার! স্বাভাবতই কলকাতা পুলিশের থানার ওসিরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, কেন বারবার বলির পাঁঠা হতে হবে শুধু ওসিদেরই।
শুক্রবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইনসে কালীপুজোর মিটিংয়ে বাহিনীকে বার্তা দিতে গিয়ে সিপি বলেন, ‘চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। সতর্ক থাকতে হবে সবাইকে। পুজো প্যান্ডেলে ফোর্স বণ্টন সঠিকভাবে করতে হবে। ফোর্সের ঘাটতির কথা দ্রুত জানাতে হবে কন্ট্রোল রুমকে। চোরবাগানের মতো বিপর্যয় যাতে ঠেকানো সম্ভব হয়, নিশ্চিত করতে হবে সেটি।’



