Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছিঁচকে চুরিতে সেঞ্চুরি পার, ৬৩ বছরের সামিয়ালকে জেরায় তথ্য

মহাবিদ্যায় হাত পাকিয়েছিলেন সেই কবে! ধরা পড়লেন ষাট পেরিয়ে।

ছিঁচকে চুরিতে সেঞ্চুরি পার, ৬৩ বছরের সামিয়ালকে জেরায় তথ্য
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মহাবিদ্যায় হাত পাকিয়েছিলেন সেই কবে! ধরা পড়লেন ষাট পেরিয়ে। ততদিনে তার নামের পাশে নট আউট একশো! রানের নয়, এই পরিসংখ্যান চুরির। পুলিসের কাছে কাঁচুমাচু বদনে চুরির কথা নিজেই স্বীকার করেছেন বছর তেষট্টির কীর্তিমান। 

Advertisement

কখনও কুলি সেজে যাত্রীর ব্যাগ তুলে নিয়ে ধীর পদক্ষেপে মিশে গিয়েছেন ভিড়ে। দোকানের সামনে থেকে উধাও করে দিয়েছেন সর্ষের তেলের বাক্স। ৬৩ বছর বয়সে অন্তত একশোরও বেশি ছিঁচকে চুরি করে ফেলেছেন হালিশহরের বাসিন্দা সামিয়াল বিশ্বাস। কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন থানায় চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অথচ আজ পর্যন্ত কেউ সামিয়ালের টিকি ধরতে পারেনি। সোমবার সকালে জগৎবল্লভপুরের বড়গাছিয়া থেকে এই কীর্তিমানকে গ্রেপ্তার করে পুলিস। 
সোমবার সকালে বড়গাছিয়া সন্ধ্যাবাজার এলাকায় একটি ব্যাঙ্কের কাছে ঘাপটি মেরে বসেছিলেন সামিয়াল। এই বাজারের মাস দেড়েক আগে এক প্রাক্তন পুলিসকর্মীর ব্যাগ থেকে প্রায় ১৫ হাজার টাকা চুরি যায়। সিসি ক্যামেরায় ধরা পড়েছিল সামিয়ালের মুখের ছবি। সামিয়ালকে চিনতে পেরে জগৎবল্লভপুর থানার পুলিসের হাতে তুলে দেন বাসিন্দারা। পুলিসি হেফাজতে একের পর চুরির কথা স্বীকার করেন বৃদ্ধ। হাওড়া গ্রামীণ পুলিসের এক আধিকারিক বলেন, ‘কেউ স্বভাবে চুরি করে, কেউ আবার অভাবে। একে কোন পর্যায়ে ফেলা যায় তা বোঝার বাইরে।’ পুলিস সূত্রে জানা গিয়েছে, হালিশহর থেকে ট্রেন ধরে বেলঘরিয়া নামতেন সামিয়াল। সেখান থেকে ডানলপ হয়ে হাওড়ার সলপে আসতেন। তারপর চুরির উদ্দেশ্যে ঘুরে বেড়াতেন।
অভিযুক্ত নিজেই বলেন, ‘একশোর বেশি চুরি করেছি। যখন ধরা পড়তাম, স্ত্রীর অসুস্থতার গল্প শোনাতাম।’ তাঁর কথায়, শ্রমিক সেজে বহুবার তেলের ড্রাম, ফলের বস্তা চুরি করেছি। কুলি সেজে স্টেশনের বাইরে থেকে হাতিয়ে নিয়েছেন যাত্রীদের স্যুটকেস। হাতের সামনে যা পান, তাই না কি তুলে নেন। পুলিস জানিয়েছে, সামিয়ালের বয়স দেখেই অনেকে মায়ার বশে তাঁকে ছেড়ে দিতেন। ধৃতের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার তিনটি থানা, হাওড়ার সাতটি থানা সহ কলকাতাতেও একাধিক থানায় চুরির মামলা রয়েছে। কলকাতা পুলিসের তরফে কীর্তিমানকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ