Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে রোজগার মেলায় চাকরির নিয়োগ ৬২০ জনকে, আবেদনে বিপুল সাড়া অন্যত্র প্রশাসনিক তৎপরতা কম

নন্দীগ্রামে রোজগার মেলা থেকে ৬২০জনকে চাকরি দেওয়া হবে। তারজন্য জেলার সব ব্লক ও পুরসভা থেকে আবেদন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন

নন্দীগ্রামে রোজগার মেলায় চাকরির নিয়োগ ৬২০ জনকে, আবেদনে বিপুল সাড়া  অন্যত্র প্রশাসনিক তৎপরতা কম
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামে রোজগার মেলা থেকে ৬২০জনকে চাকরি দেওয়া হবে। তারজন্য জেলার সব ব্লক ও পুরসভা থেকে আবেদন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে, নন্দীগ্রামে এনিয়ে প্রশাসনিক তৎপরতা চোখে পড়লেও অন্যত্র সেভাবে নজরে আসেনি। বৃহস্পতিবার সকাল থেকেই নন্দীগ্রামে টোটোয় মাইকিং হয়। সকাল ১১টার পর নন্দীগ্রাম-১ বিডিও অফিসে ড্রপবক্সে আবেদন জমা দেওয়ার লম্বা লাইন চোখে পড়ে। অথচ অন্যান্য জায়গায় সেই তৎপরতা নেই। মাইকিং হয়নি। অনেক জায়গায় ড্রপবক্সও বসেনি।

Advertisement

হলদিয়ার বিভিন্ন শিল্পসংস্থায় মোট ৬২০জন যুবক-যুবতীকে নিয়োগ করা হবে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নন্দীগ্রাম-১ বিডিও অফিসে রোজগার মেলা হবে। সেখানেই নিয়োগপত্র তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার থেকে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। জেলার সব বিডিও অফিস এবং পুরসভা অফিসে ড্রপবক্স রাখার কথা। সেখানেই নন্দীগ্রাম রোজগার মেলা উপলক্ষ্যে বেকার যুবক-যুবতীদের আবেদনপত্র জমা দেবেন। কিন্তু, নন্দীগ্রাম-১ ও ২ব্লক ছাড়া অন্যত্র এনিয়ে সাড়া কম।
শুধুমাত্র আইটিআই উত্তীর্ণদের জন্য ২৪৬টি পদে নিয়োগ হবে। জেলার যে কোনও প্রান্তের আইটিআই উত্তীর্ণরা এনিয়ে নিজ ব্লক কিংবা পুরসভায় আবেদন করতে পারবেন। এজন্য প্রার্থীকে আগে সংশ্লিষ্ট অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে। বিএসসি পাশ হলে ২৮টি পদের জন্য আবেদন করা যাবে। এছাড়া, ডিপ্লোমা করা থাকলে ৫২টি পদে আবেদন করা যাবে। আন স্কিলড হিসেবে নিযুক্ত হবেন ২৮৮জন। এজন্য বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এর বাইরে নার্সিং, গ্রাজুয়েট, বি-টেক, এক্স সার্ভিসম্যানও নিয়োগ করা হবে। 
অনেকে বলছেন, পূর্ব মেদিনীপুর জেলায় এতবড় রিক্রটমেন্ট ড্রাইভ অতীতে খুব কমই হয়েছে। সুতরাং জেলার সিংহভাগ যুবক-যুবতী এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক। নন্দীগ্রামের পাশাপাশি হলদিয়া, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া থেকে জেলার সব জায়গার ছেলেমেয়েরা চাকরির আবেদনে সাড়া দিক। আগামী ৫সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। প্রত্যেক বিডিও অফিস এবং পুরসভায় এনিয়ে আবেদন জমা করা যাবে। 
বৃহস্পতিবার নন্দীগ্রাম-১ ব্লকে ড্রপবক্স বসানো হয়। প্রচুর ছেলেমেয়ে আবেদন জমা দিতে ভিড় করেন। অথচ, কোলাঘাট ব্লক কিংবা তমলুক পুরসভায় এধরনের বক্স দেখা যায়নি। কোলাঘাটের বিডিও অমিত চাঁদ বলেন, আমাদের রিসিভ সেকশনে আবেদন নেওয়া হচ্ছে। তমলুক পুরসভার কর্মী মানব মিশ্র বলেন, বৃহস্পতিবারই আমরা বিজ্ঞপ্তির কপি পেয়েছি। দ্রুত ড্রপবক্স রাখার ব্যবস্থা হচ্ছে।
 

Advertisement
সম্পর্কিত সংবাদ