নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তর সিকিম এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। দুর্যোগের ৪৮ ঘণ্টা পর শনিবারও লাচেন কার্যত বিচ্ছিন্ন ছিল। এখনও সেখানে বহু পর্যটক আটকে আছেন। তবে লাচুংয়ের রাস্তা খুলে দেওয়া হয়েছে। সিকিম প্রশাসন সূত্রের খবর, শুক্রবারই চুংথাং থেকে পর্যটকদের উদ্ধার করে গ্যাংটকে পাঠানো হয়েছিল। এদিন লাচুংগামী রাস্তা স্বাভাবিক করা হয়েছে। সেখান থেকে প্রায় ৬০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, জঙ্গি হামলার পর কাশ্মীরের ট্যুর বাতিল করেছেন বহু পর্যটক। এই অবস্থায় গ্রীষ্মকালীন ও পুজোর মরশুমে উত্তরবঙ্গের পাহাড়ে পর্যটকদের ঢল নামবে বলে ট্যুর অপারেটারদের প্রত্যাশা। তাঁদের একাংশ হোটেল, লজ ও হোমস্টের রুম বুকিংয়ের ট্রেন্ড দেখে আশায় বুক বাঁধছেন।



