নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির পাণ্ডুয়ার একটি গ্রামে মজুত প্রায় ৬০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের পাণ্ডুয়া থানার ওই বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাণ্ডুয়ার বেরেলা কোচমালির বালিখাদ এলাকাতে বাড়িভাড়া নিয়ে থাকতেন বিশ্বজিৎ ঢালি ওরফে ছোটু। তাঁর হেপাজত থেকেই প্রায় ৬০ কেজি গাঁজা পাওয়া গিয়েছে। শনিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশ্বজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বারবার পাণ্ডুয়া থেকে গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। কখনও পাণ্ডুয়াতে অস্থায়ীভাবে গাঁজার পাচারের গাড়ি আস্তানা করেছিল, কখনও বাড়ি বা গোডাউনে বহাল তবিয়তে গাঁজা মজুত করা হয়েছিল। গ্রামীণ পুলিশের এক কর্তা বলেন, বারবার গাঁজা বাজেয়াপ্ত হওয়ার কারণেই আমরা বাড়তি নজরদারি শুরু করেছি। সেই সূত্রেই এদিন গাঁজা সহ পাচারাকারীকে ধরা সম্ভব হয়েছে। ধৃতের পরিচয় ও ব্যবসার গতিপ্রকৃতি জানার কাজ শুরু হয়েছে।



