সংবাদদাতা, ডোমকল: মুর্শিদাবাদের ছ’জন টাইলস মিস্ত্রি দালালের মিষ্টি কথায় ভুলে কাজে গিয়েছিল ভুটানে। সেখানে যাওয়ার পরেই হয় মোহভঙ্গ। বিভিন্ন সমস্যার পাশাপাশি মন বসছে না আর কাজে। কিন্তু ফিরতে গিয়েই পড়েছেন বিপাকে। অভিযোগ, তাঁদের ভুটানের ওয়ার্ক পারমিট কেড়ে নিয়েছে দালাল। শুধু তাই নয়, বাড়তি টাকা দাবি করার পাশপাশি হুমকি দিচ্ছে বলেও অভিযোগ। সেই কারণেই তাঁরা আটকে পড়েছেন সেখানে।
জানা গিয়েছে, সেখানে আটকে থাকা শ্রমিকদের মধ্যে ৫ জনের বাড়ি রানিনগর ও ইসলামপুর থানা এলাকায়। অপরজন জিয়াগঞ্জের বাসিন্দা। শ্রমিকদের দাবি, তাঁরা টাইলসের কাজ করেন। দুই দালাল তাঁদের কাজ দেওয়ার পাশপাশি বিভিন্ন পরিষেবা দেবে বলে ভুটানে নিয়ে যায়। অভিযোগ, সেখানে যাওয়ার পর দালাল তার প্রতিশ্রুতি রাখেনি। অভিযোগ, ভুটানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না শ্রমিকরা। শুধু তাই নয়, ইন্টারনেট সহ আনুসঙ্গিক নানা বিষয়ে তাঁদের খরচ বেশি হয়ে যাচ্ছে। পাশপাশি সেই কাজে মন টিকছে না তাঁদের। শ্রমিকদের অভিযোগ, তাঁদের বাড়ি ফিরতে দিচ্ছেন না ওই দালাল। তাঁদের ওয়ার্ক পারমিট নেওয়ার পর আর তা ফেরত দিচ্ছেন না। ফলে তাঁরা আর দেশে ফিরতে পারছেন না। মাথাপিছু ১২ হাজার টাকার বদলে পারমিট ফেরত দিতে রাজি ওই দালাল। সেই টাকা না দিতে পারায় বিপাকে পড়েছেন শ্রমিকরা।
রুবেল শেখ নামের রানিনগরের এক শ্রমিক বলেন, আমাদের এখানে কাজে নিয়ে আসার সময় দালাল বলেছিল, কাজ পছন্দ হলে করতে আর না হলে বাড়ি ফিরে চলে আসতে পারবে। কিন্তু এখন যখন আমরা বাড়ি ফিরতে চাইছি আমাদের ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না। আর না হলে দাবি করা হচ্ছে মাথা পিছু ১২ হাজার টাকা করে। আমরা ছ’জন আছি, এভাবে ছ’জন মিলে ৭২ হাজার টাকা দেওয়া সম্ভব নয়। ওই পারমিট করতে সাড়ে তিন হাজার টাকা করে লেগেছিল। সেখানে আমরা দালালকে পাঁচ হাজার টাকা করেও নিতে বলেছি। কিন্তু তাতে দালাল রাজি হয়নি। এখন আমরা এভাবে আটকে পড়ে আছি। আমাদের আনার ব্যবস্থা করা হোক। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত দালাল। তাঁর পাল্টা দাবি, ইন্টারনেটের সমস্যা থাকায় ওরা বাড়ি ফিরতে চাইছি। আমরা ওদের বাড়ি না ফিরতে আবেদন করেছি।
রাজ্য পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন, ওঁদের ভুটানে নিয়ে যাওয়ার পর ওয়ার্ক পারমিট নিয়ে নেওয়া হয়েছে। বাড়ি ফিরতে চাইলে টাকা চাওয়া এমনকী হুমকি দেওয়া হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের উচ্চপর্যায়ে জানিয়েছি। তাঁরা বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে।